
নামে মিনি ট্রাকস্ট্যান্ড রোড। কিন্তু বাস্তবে সড়কজুড়ে গাড়ির মেরামত কারখানা। সড়কের ওপরেই চলছে বড় বড় কাভার্ড ভ্যানের বডি তৈরির কাজ। তেজগাঁও শিল্প এলাকার মদিনা মসজিদের উত্তর পাশে ৩০ ফুট সংযোগ সড়কের দুই-তৃতীয়াংশই চলে গেছে দাঁড়িয়ে থাকা ট্রাক, কাভার্ড এবং এগুলোর বডি তৈরির কাজে।
গতকাল মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায় এই দৃশ্য। পুরো সড়কের বেশির ভাগ অংশের দুই প্রান্তেই কাভার্ড ভ্যান দাঁড়িয়ে। কোনোটার বডি তৈরি হচ্ছে, কোনোটায় রং লাগানো হচ্ছে। মাঝখানে সড়কের যেটুকু অংশ খালি, সেখানে রড বা ইস্পাতের পাত ফেলে রাখা হয়েছে। যানবাহন চলতে গেলে প্রতিনিয়ত বাধা পাচ্ছে। মগবাজার-মৌচাক উড়ালসড়কের হলি ফ্যামিলি প্রান্ত থেকে সাতরাস্তায় নেমে কারওয়ান বাজার যেতে এই পথ ব্যবহার করা হয়। বিশেষ করে উড়ালসড়ক থেকে নেমে এই সংযোগ সড়ক ধরে কারওয়ান বাজার যাতায়াত করা সুবিধাজনক। কিন্তু চলাচল করতে গিয়ে বেশির ভাগ ব্যক্তিগত গাড়ি এখানে আটকে যায়। এমনকি মোটরসাইকেলও নির্বিঘ্নে এই পথে চলতে পারে না।
গতকাল সড়কের পশ্চিম প্রান্ত দিয়ে সংযোগ সড়কে ঢোকার মুখেই দেখা যায়, এক পাশে ট্রাক দাঁড়িয়ে, অপর পাশে কাভার্ড। এরপরেই চলছে কাভার্ড ভ্যানের বডি তৈরির কাজ। কোনো কোনো কাভার্ডের বডিতে রং দেওয়ার কাজ চলছে। বডি তৈরি করতে গিয়ে লোহা ও ইস্পাতের অংশ রাখা হয়েছে চলার পথে। গতকাল বিকেলে এ ধরনের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে উপস্থিত কয়েকজন মিস্ত্রি দ্রুত সরে যান। পরে তাঁদের মধ্যে দুজনকে ডেকে প্রশ্ন করলে তাঁরা বলেন, তাঁরা মজুরির বিনিময়ে কাজ করেন। কোথায় কাজ করছেন, তা দেখার দায়িত্ব তাঁদের না।
তানভীর মোটরস, রুমা মোটরস, মায়ের দোয়া, নিউ হাসান মোটরস, জনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসসহ বিভিন্ন দোকান বা গ্যারেজের সামনে চলছে কাজ। সড়কের পূর্ব প্রান্ত থেকে একটি মোটর গাড়ি (পাজেরো) এসে আটকে গেল। কারণ, রাস্তার ওপর কাজ চলছে, যাওয়ার পথ বন্ধ। বিপরীত দিক থেকেও একে একে আটকে যাচ্ছে গাড়ি। পরে কয়েকজন চালক নেমে এলে মিস্ত্রিরা ইস্পাতের বড় বড় রড সরিয়ে নেন। গাড়ির সংখ্যা কিছুটা কমে এলে আবার একই জায়গায় বসে পড়েন তাঁরা।
কয়েকজন ব্যক্তিগত গাড়িচালক এই প্রতিবেদককে বলেন, ঢাকার অনেক সংযোগ সড়কই বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট এড়ানোর জন্য এটা করা হয়েছে। এই সংযোগ সড়ক চালু রাখলে গাড়ি আসবেই। সিটি করপোরেশন হয় এই সড়কটি চলাচলের উপযোগী করুক, নয়তো ট্রাকের বডি তৈরির জন্য সড়কের দুই প্রবেশপথ বন্ধ করে দিক।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ট্রাক, কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, চলাচলের রাস্তাটি ওয়ার্কশপ হিসেবে ব্যবহার না করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়ার্কশপ মালিকদের বারবার বুঝিয়েছেন। একাধিকবার উচ্ছেদ কার্যক্রমও হয়েছে। কিন্তু আবারও সব আগের অবস্থায় এসে দাঁড়ায়।