নামে মিল থাকায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম ও বাবার নামে মিল থাকায় বরগুনায় ন্যাশনাল সার্ভিসের কর্মী ও বরগুনা শহরের আমতলা এলাকার রিয়াদ পারভেজ ওরফে রাসেল বিনা অপরাধে ১৫ দিন ধরে জেল খাটছেন। তাঁকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সন্দেহে র‌্যাব ৩০ আগস্ট আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ তাঁর পরিচয় যাচাই না করেই পরদিন কারাগারে পাঠিয়ে দেয়।মামলার বাদী ফাতিমা বেগম ছবি দেখে নিশ্চিত করেছেন এই রাসেল তাঁর মামলার সাজাপ্রাপ্ত রাসেল নন। মামলার সাজাপ্রাপ্ত মূল আসামি রাসেল মিয়ার বাবা আবদুল খালেক খান প্রথম আলোকে বলেন, ‘যে ছেলেটিকে র‌্যাব গ্রেপ্তার করেছে, সে নিরপরাধ। ও আমার ছেলে নয়, আমার ছেলে সাজা হওয়ার পর থেকে পলাতক। সে কোথায় আছে, তার কোনো খোঁজ আমরা জানি না। নিরপরাধ ওই ছেলেটিকে মুক্ত করতে আমার যদি কিছু করার থাকে, তবে তা আমি করব।’নিরপরাধ রাসেলের পরিবার জানায়, এসএসসি পাসের পর অভাব-অনটনের কারণে রাসেল পড়াশোনা করতে পারেননি। পরে ন্যাশনাল সার্ভিসে প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে চাকরি নেন তিনি। তাঁর বাবা আবদুল খালেক বলেন, ৩০ আগস্ট র‌্যাবের সদস্যরা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাসেলকে ধরে নিয়ে বরগুনা থানায় সোপর্দ করেন। রাসেল আসামি নন, পুলিশ কর্মকর্তাদের এটা বারবার বোঝানো হলেও কোনো কাজ হয়নি। তাঁকে কারাগারে পাঠানো হয়।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘আমি ওইদিন ছুটিতে ছিলাম। র‌্যাব রাসেলকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আটক করে আমাদের কাছে দিয়েছে বলে আমরা তাঁকে কারাগারে পাঠিয়েছি।’ র‌্যাব-৮-এর উপপরিচালক লে. কামান্ডার নুর-উজ-জামান বলেন, নাম, বাবার নাম ও ঠিকানা অনুসারে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।