নামে ৬০ ফুট রাস্তা, আছে ৩০

সড়কটিতে গত বছরের শেষ দিকে যান চলাচল শুরু হয়। ৬০ ফুট প্রস্থের নতুন সড়কটি এলাকায় ‘৬০ ফুট নতুন রাস্তা’ নামে পরিচিত। কিন্তু বছর না ঘুরতেই সড়কটির অনেকাংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। সড়কের প্রস্থ কমে এখন কোথাও ৩০, কোথাও ৪০ ফুট।
বলা হচ্ছে মিরপুর থেকে মণিপুর, পীরেরবাগ হয়ে আগারগাঁও পর্যন্ত তৈরি করা নতুন সড়কের কথা। মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়-সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬৩ কিলোমিটার।
সড়ক ও সড়ক-সংলগ্ন ফুটপাতে গড়ে উঠেছে দোকানপাট, রিকশা মেরামতের গ্যারেজ, বাজার। সড়কের অন্তত পাঁচ জায়গায় রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। বাড়িঘরের নির্মাণসামগ্রী রাখায় ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল বন্ধ। সড়কের প্রস্থ কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।
গতকাল শনিবার সড়কটি ঘুরে দেখা যায়, পশ্চিম আগারগাঁও ও বিএনপি বাজার এলাকায় সড়কের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে নানা ধরনের দোকান। এর মধ্যে কাঠের আসবাব তৈরি, গাড়ি, মোটরসাইকেল ও রিকশা মেরামতের কাজ চলছে সড়কের ওপরেই।
উত্তর পীরেরবাগ ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা ইলিয়াস আলী বলেন, ‘একটা নতুন, ভালো জিনিস কী করে নষ্ট করতে হয়, তা এই রাস্তা দেখলে বোঝা যায়। রাস্তাটা হওয়ায় যাতায়াত সহজ হবে ভেবে খুশি ছিলাম। কিন্তু যে যার মতো রাস্তা দখলে মেতে উঠছে।’
সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আগারগাঁও অংশটি ২৮ নম্বর এবং মণিপুর অংশটুকু ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। যোগাযোগ করা হলে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তা দখল করে অনেকে দোকান বসিয়েছে। জিনিসপত্র রাখছে। দখল উচ্ছেদ করার বিষয়ে মেয়রের সঙ্গে কথা হয়েছে।
দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুপাশেই পাঁচ ফুট করে ফুটপাত আছে। ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি করা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এ রাস্তাটি নির্মাণ করা হয়। রোকেয়া সরণি ও মিরপুর রোডের বিকল্প সড়ক হিসেবে নতুন এ সড়কটি ব্যবহৃত হচ্ছে।
দেখা যায়, সড়কের অন্তত পাঁচটি স্থানে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার রাখা। এর ফলে সড়ক আরও সংকুচিত হয়ে পড়েছে। বড়বাগ নতুন রাস্তার মোড়ে সড়কের ওপর সারি দিয়ে রাখা হয়েছে মহাখালী, ফার্মগেট পথে চলাচলকারী লেগুনা। আগারগাঁও ভাঙা ব্রিজ, পশ্চিম মণিপুর এলাকায় সড়কের ওপর গড়ে উঠেছে বাজার।
মণিপুর মোল্লাপাড়া এলাকার বারেক মোল্লা মোড়ে এসে সড়কটির প্রস্থ যেন ২০-২৫ ফুট হয়ে গেছে। সড়কের এক পাশে গড়ে ওঠা দোকানপাট বাকি রাস্তা দখল করে ফেলেছে। সড়কে বাঁশের ঘেরাও দিয়ে তার মধ্যে গড়ে তোলা হয়েছে অন্তত ১০টি দোকান।
ডিএনসিসির ওয়ার্ড ১৩-এর কাউন্সিলর মো. হারুন-অর-রশীদ বলেন, রাস্তার দখল উচ্ছেদে সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে যেকোনো দিন উচ্ছেদ অভিযান চালানো হবে।