নামে 'ভিআইপি' নাগরিক সুবিধায় পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ১০ নম্বর সেক্টরটি ‘ভিআইপি সেক্টর’ হিসেবে পরিচিত হলেও সেভাবে উন্নয়ন হয়নি। বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। নেই কোনো পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টারসহ চিত্তবিনোদনের ব্যবস্থা। সেক্টরে রয়েছে পানির সংকট। তিন হাজারের বেশি প্লট নিয়ে গঠিত উত্তরার সবচেয়ে বড় সেক্টরটিতে নেই কাঁচাবাজারও।
১০ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ১০ নম্বর সেক্টরটি সমস্যায় জর্জরিত। অনেক সড়কে সিটি করপোরেশনের সংস্কার হয়নি বহু বছর। বিনোদনের কোনো ব্যবস্থাই নেই। পানির সংকট, পানি এলেও তাতে দুর্গন্ধ থাকে।
আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের উত্তর পাশে গড়ে উঠেছে উত্তরা ১০ নম্বর সেক্টর। গত মঙ্গরবার সেক্টর ঘুরে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেক্টরের ভালো-মন্দ জানা যায়। বাসিন্দাদের সবচেয়ে বড় আক্ষেপ ভাঙাচোরা রাস্তাঘাট। স্লুইস গেট এলাকা থেকে সেক্টরের শেষ সীমানা ভাটুলিয়া পর্যন্ত রানাভোলা অ্যাভিনিউ চলাচলের একেবারেই অনুপযোগী। সেক্টরের ২৪টি মূল সড়কের অনেকগুলোই বেহাল। ১৯ নম্বর সড়কের বাসিন্দা নুরুজ্জামান বলেন, ঢাকার ভেতরে এমন রাস্তা আছে, তা না দেখলে বিশ্বাস হয় না। ভাঙাচোরা সড়কে চলাচলের উপায় নেই। আর বৃষ্টি হলে তো বাসা থেকে বের হতে রীতিমতো যুদ্ধ করতে হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রানাভোলা অ্যাভিনিউর সংস্কারকাজ শুরু করেছে। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বলেন, রানাভোলা অ্যাভিনিউতে পানিনিষ্কাশনের নালা বসানোর কাজ হয়েছে। এই মাসের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শেষ হবে।
উত্তরার ১০ নম্বর সেক্টরের এমবাংম্যান্ট রোডের ২ নম্বর প্লটটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মানচিত্রে সেক্টরের খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়া। রাজউক জায়গাটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিক্রয়পূর্বক বরাদ্দ দিয়েছে। ক্রয়সূত্রে মালিক এখন ওই বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সেখানে সীমানাদেয়াল তুলেছে। ১০ নম্বর সেক্টরের বাসিন্দারা এ নিয়ে ক্ষুব্ধ।
সেক্টরের ভেতরে বিভিন্ন জায়গায় প্রায় ২৫টি অবৈধ বস্তি গড়ে ওঠার কারণে নিরাপত্তাব্যবস্থা নাজুক। ফাঁকা জমিতে বস্তিগুলো গড়ে উঠেছে। বস্তি ছাড়াও সেক্টরের ভেতরে দুটি বেদেপট্টিও আছে। সেক্টরের রানাভোলা অ্যাভিনিউতে সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে বাসিন্দারা জানান। ১ নম্বর রোডের শেষ মাথায় নতুন ব্রিজের সামনে রাস্তা দখল করে বসে অবৈধ দোকানপাট ও হকার। এ জন্য নিত্যদিন ভোগান্তিতে পড়তে হয় সেক্টরের পার্কে হাঁটতে আসা দর্শনার্থীদের।
সেক্টরের ৩ হাজার প্লটের মধ্যে ৩৭৪টি প্লটে এখনো বাড়িঘর হয়নি। রাজউকের লেআউট পরিকল্পনায় কবরস্থানের জায়গা দেখানো আছে, কিন্তু বর্তমানে সে জায়গার কম অংশই বিদ্যমান। উত্তরার সবচেয়ে বড় এই সেক্টরে নেই সরকারি কোনো কমিউনিটি সেন্টার। কাঁচাবাজার না থাকায় বাসিন্দাদের ৬ ও ১১ নম্বর সেক্টরে গিয়ে বাজার করতে হয়।