নামেই কেবল আধুনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, ডাক্তার কি করল না করল, আপনারা তো শুধু সেইটা ল্যাখেন। অথচ আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি, তারপরও যত দোষ ডাক্তারের। যা দরকার তার অর্ধেকও ডাক্তার নেই হাসপাতালে। চিকিৎসা দিতে খুবই কষ্ট হচ্ছে আমাদের।’ আক্ষেপ করে এভাবেই কথাগুলো বললেন মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক।৫০ শয্যা থেকে ১০০-তে উন্নীত করা হলেও এ হাসপাতালের কার্যক্রম চলছে আগের লোকবল দিয়েই। চিকিৎসক, সেবিকাসহ (নার্স) প্রয়োজনীয়সংখ্যক জনবল এবং অবকাঠামোর স্বল্পতার কারণে দারুণভাবে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। নামে আধুনিক হলেও বাস্তবে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এ হাসপাতালটিতে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয় এ হাসপাতালটি। কিন্তু বাড়েনি চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা। হাসপাতালে চিকিৎসকদের প্রস্তাবিত ৮৪টি পদ থাকলেও আছেন মাত্র ১৮ জন। এর মধ্যে ১৮ জন সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসকের পদের বিপরীতে আছেন মাত্র দুজন। ১৯ জন জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসকের পদ থাকলেও আছেন আটজন। অন্তর্বিভাগে ১৬ জন মেডিকেল চিকিৎসক পদের বিপরীতে আছেন আটজন। ২৯ জন সেবিকা দিয়েই চলছে সেবা কার্যক্রম। অথচ থাকার কথা ৬৫ জন। এ ছাড়া হাসপাতালে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী যা আছেন তা প্রয়োজনের তুলনায় খুবই কম।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মাস ছয়েরও বেশি সময় ধরে হাসপাতালের আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন অচল। অজ্ঞাতনামা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মরদেহ সংরক্ষণের জন্য নেই কোনো আধুনিক শবাগার। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসাসেবার জন্য ঢাকায় পাঠানোর ক্ষেত্রে রয়েছে একটি মাত্র পুরোনো অ্যাম্বুলেন্স। জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় বিদ্যুৎ সমস্যায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এ ছাড়া প্রয়োজনীয়সংখ্যক পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী না থাকায় হাসপাতালের ভেতরে ও বাইরে সর্বত্রই অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। টয়লেটগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০০ শয্যা থাকলেও তার ৩০টিই ব্যবহার অনুপযোগী। ফলে বাধ্য হয়ে মেঝে বা বারান্দায় থাকতে হয় রোগীদের। ফ্যানগুলো পুরোনো হওয়ায় মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ায় গরমে অস্বস্তিতে থাকতে হয় রোগীদের।গত রোববার শিশু বিশেষজ্ঞ কবির হোসেনের কক্ষের বাইরে শিশু ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের লম্বা লাইন চোখে পড়ে। সদর উপজেলার মুলজানের এক গৃহবধূ শিশুসন্তান ইমনকে নিয়ে কক্ষের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ফিরে যান। জানতে চাইলে তিনি বলেন, ‘দ্যাড় ঘণ্টারও বেশি সময় ধইরা লাইনে দাঁড়াইয়া আছিলাম। তাও পোলাডারে ডাক্তার দেহাইতে পারি নাই।’ কোথায় যাচ্ছেন—এ প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বাইরে কোনো ক্লিনিক থেইকা ডাক্তার দেহাইয়া বাড়ি যাম।’শনিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ নেই। মোমবাতি জ্বালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত এক ব্রাদার (সেবক) বলেন, ‘জেনারেটর আছে ভাই। তেলের বরাদ্দ নাই। তাই বিদ্যুৎ চইলা গেলে মোমবাতিই ভরসা।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী বহির্বিভাগে এবং ১৫০ থেকে ২০০ জন রোগী অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসে। চিকিৎসকস্বল্পতার কারণে চিকিৎসাসেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’আবদুল মালেক খান আরও বলেন, ‘জরুরি বিভাগের জন্য কোনো চিকিৎসক নেই। বহির্বিভাগের চিকিৎসক দিয়ে পালাক্রমে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। আরএমও হিসেবে আমার হাসপাতালের চিকিৎসাসেবা তদারকি করার কথা থাকলেও আমাকেই রোগী দেখতে হচ্ছে।’এ প্রসঙ্গে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার প্রথম আলোকে বলেন, হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়লেও এর অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল বাড়েনি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও হাসপাতালের কাঠামোগত উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।তবে তেলের বরাদ্দ এবং আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগির এ সমস্যাগুলোর সমাধান করা হবে।