নামেই নদীবন্দর নওয়াপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব নদ খনন না করা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি সরদার বলেন, ‘কয়েকটি জেটি নির্মাণ করে নওয়াপাড়াকে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। কিন্তু নদীবন্দরের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা ঠিকমতো কর দিচ্ছি। কিন্তু নদীবন্দর থেকে কোনো রকম সুবিধা পাচ্ছি না। পলি জমে ও অবৈধ দখলের কারণে নদ ক্রমে ছোট হয়ে আসছে। নওয়াপাড়ায় এখন ঠিকমতো পণ্যবাহী বার্জ ও কার্গো ভিড়তে পারছে না। আমাদের প্রধান দাবি নদ পুনঃখনন (ড্রেজিং)। কিন্তু সেটা করা হচ্ছে না। ফলে নদ দিয়ে মালামাল পরিবহনে ভীষণ সমস্যা হচ্ছে।’
নওয়াপাড়ার কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়ক, রেল ও নদীপথে মালামাল পরিবহনের সুবিধার কারণে নব্বইয়ের দশকের শুরুতে নওয়াপাড়ায় সার, খাদ্যশস্য ও সিমেন্ট ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। আমদানি করা সার ও খাদ্যশস্য চট্টগ্রাম এবং মংলা বন্দরে বড় জাহাজ থেকে খালাসের পর তা বার্জ ও কার্গোতে করে নদীপথে নওয়াপাড়া বন্দরে আনা হয়। ভৈরব নদে প্রতিদিন শতাধিক বার্জ ও কার্গো থেকে পণ্য ওঠানো-নামানো হয়। ভারত থেকে স্থলপথে আমদানি করা পণ্যও রেলে দর্শনা স্থলবন্দর হয়ে নওয়াপাড়ায় আনা হয়। কিন্তু উন্নয়ন না হওয়ায় ক্রমে বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
নওয়াপাড়া নদীবন্দরের এক কর্মকর্তা জানান, ২০০৪ সালে নওয়াপাড়ায় নদীবন্দর স্থাপনের ঘোষণা দেওয়া হয়। ২০০৭ সালের শুরু হয় নদীবন্দরের কার্যক্রম। ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ভাটপাড়া ফেরিঘাট পর্যন্ত নদীবন্দরটির প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সীমানা নির্ধারণ করা হয়। স্থাপন করা হয় একটি পন্টুন ও ছয়টি জেটি।
কর্মকর্তা আরও জানান, নদের দুই তীরভূমির পরিমাণ ৫১ দশমিক ৫৫ একর। নদীবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে নদের ১২টি জায়গায় ১ দশমিক ৫ লাখ ঘনমিটার মাটি কাটার কাজ এবং ৯৭ লাখ টাকা ব্যয়ে নদের তীরে অবকাঠামো নির্মাণের কাজ করা হয়। অত্যাধুনিক নদীবন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ২০৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। সে অনুযায়ী ২০১০ সালের ১০ জুন এডিবির পরামর্শক প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পটি দাখিল করেন। এর অংশ হিসেবে নদীভাঙন রোধে ছয় কিলোমিটার কি-ওয়াল ও ছয় কিলোমিটার সার্ভিস রোড নির্মাণ এবং খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদে ২৫ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের পরিকল্পনা নেয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ২০১১ সালে এডিবি প্রকল্পটি বাতিল করে দেয়।
নদীবন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘ব্যবসায়ীদের প্রধান দাবি নদ পুনঃখনন (ড্রেজিং) ও গাইড ওয়াল নির্মাণ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ করের হিস্যা ঠিকমতো নিয়ে যাচ্ছে। কিন্তু নদীবন্দরের কোনো উন্নয়ন করছে না। তিনি বলেন, স্থানীয় নেতৃত্ব, বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের মনোমালিন্যের কারণে এডিবির প্রকল্পের টাকা ফিরে গেছে। এরপর পৌরসভার পক্ষ থেকে এডিবির নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় নদের তীর ঘেঁষে ১ হাজার ২০০ মিটার দীর্ঘ একটি ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। এতে পণ্য ওঠানো-নামানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেকটা সুবিধা হবে। তবে ভৈরব নদ দ্রুত খনন করা না হলে নওয়াপাড়া নদীবন্দর বন্ধ হয়ে যাবে।