নামেই পৌরসভা চালনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা। পড়ন্ত বিকেলে সেখানকার একটি চায়ের দোকানে বসে পৌর নির্বাচন নিয়ে আলাপচারিতায় মগ্ন কয়েকজন এলাকাবাসী। এ সময় সবুর নামের একজন বলে উঠলেন, ‘এটা কোনো পৌরসভা হলো? শুধু নামেই পৌরসভা, এখানে কিছুই নেই।’ তাঁর বক্তব্যকে সমর্থন করলেন অন্যরা।
খুলনা জেলার মাত্র দুটি পৌরসভার চালনা একটি। ২০০৪ সালের নভেম্বর মাসে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। ৯ দশমিক ৪৯ বর্গকিলোমিটারের পৌরসভাটি ২০১৩ সালের আগস্টে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। গঠনের ১১ বছর পার হলেও এখানে শহরের কোনো আবহ তৈরি হয়নি।
গত সোমবার ও মঙ্গলবার পৌরসভার অন্যতম প্রবেশপথ বারুইখালি এলাকা দিয়ে খালের পাশ ধরে এগোতে থাকলে শহরের কোনো চিহ্ন চোখে পড়ে না। ৯ নম্বর ওয়ার্ড সাতঘরিয়ার এলাকায় দেখা গেল, এবড়োখেবড়ো গ্রামীণ মেঠোপথ। দুই পাশে বিস্তীর্ণ ধানখেত। এখানকার বেশির ভাগ বাড়ি বিদ্যুৎহীন।
ওই ওয়ার্ডের বাসিন্দা সরস্বতী মণ্ডল ও বিমলা সরকার রোদে ধান শুকাচ্ছিলেন। পৌর-সুবিধা কেমন পান জানতে চাইলে বিদ্রূপের সুরে বললেন, ‘খুব পাই! বর্ষাকালে হাঁটুসমান কাপড় তুলে রাস্তায় চলতে হয়। কিসের পৌরসভা এটা জানি না। না আছে পাকা রাস্তা, না বিদ্যুৎ।’
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর সেন বলেন, পৌরসভায় একটি পৌর ভবন ছাড়া আর তেমন কিছু নেই। তা-ও করা হয়েছে সুপেয় পানির পুকুর ভরাট করে। তিনি অভিযোগ করেন, খাবার পানির তীব্র সংকটের কথা পৌর কর্তৃপক্ষ কানে তোলে না।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভায় প্রায় ৫০ কিলোমিটার প্রধান সড়ক আছে। এর মধ্যে ৩০ কিলোমিটার ইট বিছানো এবং ১৮ কিলোমিটার পাকা সড়ক। তিন কিলোমিটার রাস্তা এখনো মাটির। তবে বিভিন্ন পাড়ার মধ্যের সংযোগ সড়কের অনেকগুলোই কাঁচা। তিন কিলোমিটারের মতো জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।
দুই দিন ধরে পৌরসভার ওয়ার্ডগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা। পারাপারের জন্য বাড়ির সামনে অনেক বাঁশের সাঁকো। পৌর এলাকার সড়কে নেই বাতিও। ৭ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন ফকির বলেন, ‘এই পৌরসভার মধ্যের মোট জমির ৮০ শতাংশই ধানি জমি। এটা কীভাবে পৌরসভা হলো তা মাথায় আসে না। মানুষের আয়-রোজগারের সুবিধা নেই। পৌরকর বেড়েছে কিন্তু পৌর-সুবিধা বলতে এখানে কিছু নেই।’ একই কথা বললেন ওই ওয়ার্ডেরই দিলীপ বিশ্বাস।
পৌরসভার সচিব জি এম ওবায়দুল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী, চালনা পৌরসভার জনসংখ্যা সাড়ে ১৭ হাজার। এদিকে পৌরসভা আইন, ২০০৯-এ বলা আছে, পৌরসভা ঘোষণা করতে হলে জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না।
পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সনৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমি নির্বাচিত হলে পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শহররক্ষা বাঁধ নির্মাণে বেশি গুরুত্ব দেব।’ এদিকে নির্বাচিত হলে চালনাকে আরও সুন্দর করে গড়ে তুলবেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল।
বিএনপি মনোনীত প্রার্থী শেখ আবদুল মান্নান বলেন, নির্বাচিত হলে পানি সরবরাহ ও ভ্যানস্ট্যান্ড করবেন। নালা নির্মাণ ও প্রধান সড়ক মেরামতকে গুরুত্ব দেবেন।