নামেই বাণিজ্য মেলা, স্টল হাতে গোনা
একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের বিশাল মাঠ ঘিরে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে আচার, শতরঞ্জি, তৈরি পোশাক আর গৃহস্থালি কাজে ব্যবহার্য দেশি পণ্যের হাতে গোনা কয়েকটি স্টল। আর বিদেশি বলতে ভারত থেকে আমদানি করা টিভিএস মোটরসাইকেলের একটি প্যাভিলিয়ন।
হাতে গোনা ১০ থেকে ১২টি স্টল নিয়েই গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করা হলো বগুড়া শিল্প ও বণিক সমিতি আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বগুড়া শহরের জাহেদ মেটাল মোড়সংলগ্ন হরিজন পল্লির সামনের আবাসনপ্রতিষ্ঠান ‘রানার সিটি’র মাঠে বেলা একটার দিকে বেলুন উড়িয়ে যৌথভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিন।
এর আগে মেলা চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বগুড়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও আয়োজকদের মধ্যে বগুড়া চেম্বারের সহসভাপতি এবং বাণিজ্য মেলা উপকমিটির আহ্বায়ক এনামুল হক, মেলা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসকিউ ইন্টারন্যাশনালের সিইও হাসান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল হক বলেন, বগুড়া শিল্প ও বণিক সমিতি অষ্টমবারের মতো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপালসহ ১০টি দেশের ১০৫টি প্যাভিলিয়ন থাকছে। এসব প্যাভিলিয়নে দেশি-বিদেশি নানা পণ্যসম্ভার কেনাকাটার সুযোগ থাকছে। মেলায় শিশুদের জন্য নানা আকর্ষণ ছাড়াও চিত্তবিনোদনের জন্য থাকছে মিনি চিড়িয়াখানা, নাগরদোলা, সার্কাস, হোন্ডা খেলা, জাদু প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে আট বছরের কম বয়সী শিশু ও প্রতিবন্ধীরা প্রবেশ ফি ছাড়াই মেলা দেখার সুযোগ পাবে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন মাস ধরে বগুড়ার এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রচারণা চালানো হয়। প্রায় এক মাস ধরে চলে প্যান্ডেল তৈরির কাজ। বিশাল মাঠজুড়ে প্যান্ডেল তৈরিতেই ব্যয় হয় বিপুল অঙ্কের টাকা। এ ছাড়া শহরে লাগাতার মাইকিং, ব্যানার-ফেস্টুন, তোরণ এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু এত কিছুর পরও মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের তেমন একটা সাড়া মেলেনি।
গতকাল সোমবার দুপুরে বাণিজ্য মেলায় গিয়ে দেখা গেছে, বিশাল প্যান্ডেলের ফটকে শোভাবর্ধনের জন্য রঙিন পানির ফোয়ারা এবং বিশেষ খাঁচা শোভা পাচ্ছে। খাঁচায় রাখা হয়েছে দেশীয় প্রজাতির বেশ কিছু পাখি। ফটকের সামনেই টিভিএস মোটরসাইকেলের আলাদা একটি প্যাভিলিয়ন। পাশে ‘রূপেরহাট’ গার্মেন্টসের একটি দেশীয় পোশাকের স্টল। ডান পাশে মুখরোচক আচার ও রংপুরের শতরঞ্জির দুটি স্টল এবং বেকারি-কনফেকশনারির দুটি স্টল। পাশের আরেকটি লাইনে আরএফএলের একটি গৃহস্থালি সামগ্রীর প্যাভিলিয়ন। মাঠের মাঝখানে গ্রামীণফোনের বিকাশের একটি স্টল।
এ ছাড়া মাঠের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ প্রান্তে আরও শতাধিক স্টল ফাঁকা পড়ে আছে। কোনো কোনো স্টল নির্মাণের কাজ এখনো চলছে। প্যান্ডেলের বাইরে মেলার প্রধান ফটকের সামনে রাস্তার পূর্ব পাশে চলছে আরেকটি প্যান্ডেল তৈরির কাজ।