নামেই মৎস্যজীবী সমিতি, একজনও মৎস্যজীবী নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে তা মৎস্যজীবী সমবায় সমিতি হলেও এর সদস্যদের কেউই মৎস্যজীবী নন। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পেশার। সভাপতি রাজমিস্ত্রির ঠিকাদার। বাকি সদস্যরা দিনমজুর, কৃষক, মসজিদের ইমাম, কাঠ ব্যবসায়ী, ইটভাটার শ্রমিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। তিন বছর আগে মৃত এক ব্যক্তিও সমিতির সদস্য। জেলা সমবায় দপ্তরের তদন্তে উঠে এসেছে এই তথ্য।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘কোটালি-দর্শনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের’ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতিভুক্ত ৪০ জনের একজনও প্রকৃত মৎস্যজীবী নন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে জেলা সমবায় দপ্তর। গত ২৭ অক্টোবর এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনজুর কাদেরের কাছে দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্যজীবী হিসেবে প্রত্যয়নপত্র থাকলে জলমহাল বন্দোবস্ত পেতে আবেদন করা যায়। আর এই প্রত্যয়নপত্র পাওয়ার জন্য অবশ্যই সমিতির সদস্য হতে হয়। এ কারণে সমিতির সদস্য পদটি লোভনীয় হয়ে দাঁড়িয়েছে। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সমিতির সদস্য ভুয়া মৎস্যজীবীদের প্রত্যয়নপত্র দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ অনুযায়ী ‘যিনি প্রাকৃতিক উৎস হতে মাছ শিকার এবং বিক্রয় করেই প্রধানত জীবিকা নির্বাহ করেন, তিনিই মৎস্যজীবী বলে গণ্য হবেন’। সে হিসাবে কোটালি-দর্শনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের একজনও প্রকৃত মৎস্যজীবী নন। গত বছরের ১১ মার্চ সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি প্রণীত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের চূড়ান্ত অনুমোদিত তালিকায় তাঁদের একজনেরও নাম নেই।

অভিযোগ রয়েছে, সমিতির সভাপতি আলী আজগার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১১ সালের ৯ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘বেগমপুর বিল জলমহাল’ বন্দোবস্ত বা লিজ নেন। তিন দফায় মূল্য সংযোজন কর, আয়করসহ ৬ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধসহ ২৫ শর্ত সাপেক্ষে জলমহালটি ছয় বছর মেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়। যার নয় নম্বর শর্ত ছিল, লিজগ্রহীতা জলমহালটি কাউকে সাবলিজ দিতে পারবেন না। সাবলিজ দিলে লিজ তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে। অথচ ২০১২ সালের ১৭ জুন সভাপতি শর্ত ভেঙে জলমহালটি পার্শ্ববর্তী তিতুদহ গ্রামের আবদুল্লাহ আল মামুনের কাছে সাবলিজ দেন। তখন থেকে আবদুল্লাহ আল মামুন জলমহালটিতে মাছ চাষ করছেন।

আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেছেন, সাবলিজ গ্রহণের সময় আলী আজগারকে তিনি এককালীন নগদ সাত লাখ টাকা দেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবছর ইজারামূল্য পরিশোধের পাশাপাশি আলী আজগারকে লাভ হিসেবে আরও ২ লাখ ৫০ হাজার টাকা করে দিয়ে আসছেন।

সমিতির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের নামমাত্র সদস্যভুক্ত রাখা হয়েছে। তাঁরা এ পর্যন্ত কোনো হিসাব বা ভাগ পাননি। আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে সভাপতি প্রতিবছর ২ লাখ ৫০ হাজার টাকা করে ছয় বছরে ১৫ লাখ টাকা নিলেও তা একাই ভোগ করেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী সমিতির তহবিলে মাত্র আট টাকা স্থিতি দেখানো হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের স্মার্টকার্ডধারী মৎস্যজীবী হাফিজুল ইসলাম, জসিম উদ্দিন, বাবুল আক্তার, আবদুল হালিম ও মহির উদ্দিন গত ২০ অক্টোবর জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তাঁদের দাবি, অমৎস্যজীবীদের নিয়ে আলী আজগার ভুয়া মৎস্যজীবী সমিতি পরিচালনা করছেন এবং জলমহাল বন্দোবস্তসহ সরকারি সুবিধা ভোগ করছেন। এতে প্রকৃত মৎস্যজীবীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা সমবায় দপ্তর গত ২৪ অক্টোবর তিন সদস্যের তদন্ত দল গঠন করে। পরিদর্শক নাজির হোসেনকে দলনেতা এবং পরিদর্শক হারুন অর রশিদ ও হুমায়ুন কবীরকে সদস্য করা হয়। কমিটি গত ২৬ অক্টোবর সমিতির ৪০ সদস্যের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শেষে গত ২৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একজনও প্রকৃত মৎস্যজীবী নন। সভাপতি নিজেই রাজমিস্ত্রির ঠিকাদার। অন্যরা দিনমজুর, কৃষক, মসজিদের ইমাম, কাঠ ব্যবসায়ী, ইটভাটার শ্রমিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। তাঁদের মধ্যে চাকরিসূত্রে দুজন ঢাকায় এবং একজন ঝিনাইদহে অবস্থান করেন। তিন বছর আগে মৃত এক ব্যক্তিকেও সমিতির সদস্য দেখানো হয়েছে।

তবে সমিতির বর্তমান সভাপতি আলী আজগার নিজেকে এবং সমিতির সব সদস্যকে প্রকৃত মৎস্যজীবী বলে দাবি করেছেন। আজ সোমবার সকালে প্রথম আলোকে তিনি বলেন, ‘২০০৪ সাল থেকে সমবায় সমিতি গঠনের মাধ্যমে তিন দফায় জলমহাল বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করে আসছি। একটি বিশেষ মহলের প্ররোচনায় সমবায় দপ্তর মনগড়া প্রতিবেদন দিয়েছে।’

জলমহাল সাবলিজ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে সবকিছু করা হয়েছে।’

এ ব্যাপারে গতকাল রোববার জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনজুর কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি জানান, ভুয়া মৎস্যজীবীদের নিয়ে গঠিত সমিতির নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন বাতিলের পর ওই সমিতি সব ধরনের জলমহাল বন্দোবস্ত গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে।

তবে ভিন্ন মত প্রকাশ করেছেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ। ভুয়া মৎস্যজীবীদের প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

প্রথম আলোকে ফিরোজ আহম্মেদ বলেন, কোটালি-দর্শনা মৎস্যজীবী সমিতির সদস্যদের প্রত্যয়নপত্র দিয়ে তিনি কোনো অনিয়ম করেননি। তাঁরা দীর্ঘদিন আদালতের মাধ্যমে অ্যাফিডেভিট করে মৎস্যজীবী পরিচয়ে সমিতি পরিচালনা করছেন এবং সরকারের কাছ থেকে জলমহাল বন্দোবস্ত নিয়ে আসছেন।