নামেই রেডিও থেরাপি বিভাগ, জনবল নেই চিকিৎসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগটি সম্পূর্ণ আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয় ২০১৫ সালের মার্চে। প্রায় এক বছর হতে চলল, কিন্তু বিভাগটিতে এখনো স্থাপন করা হয়নি কোনো যন্ত্রপাতি। আর ২৪ জনের জনবলের স্থলে আছে মাত্র পাঁচজন।
গত শনিবার দুপুরে হাসপাতালের এই বিভাগে গিয়ে দেখা যায়, বিভাগটি তালাবদ্ধ। আশপাশে কাউকে না পেয়ে ফিরে আসার সময় দেখা হয় পারুল নামের এক নার্সের সঙ্গে। পরে তাঁর সহযোগিতায় তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায়, সব অবকাঠামো প্রস্তুত করা আছে, কিন্তু সবই তালাবদ্ধ। এখানে আছে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং রেজিস্ট্রারের জন্য আলাদা কক্ষ। রেডিও থেরাপি যন্ত্র স্থাপনের জন্য দুটি কক্ষও রয়েছে। একটি ঘরের মধ্যে, বারান্দায় ও ভেতরে ঢোকার ফটকের সামনে পড়ে আছে বাক্সবন্দী বিভিন্ন যন্ত্রপাতি।
খোঁজ নিয়ে জানা যায়, আগে রেডিও থেরাপি বিভাগ এভাবে আলাদা করা ছিল না। তখন মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক বহির্বিভাগে ও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসা দিতেন। পরে ২০১৫ সালের মার্চ মাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ভবনের উদ্বোধন করেন। এরপর থেকেই এখানে ক্যানসার রোগীদের চিকিৎসা করা হয়। গত বছরের নভেম্বরে মৃণাল কান্তি সরকার নামের ওই সহযোগী অধ্যাপক অবসরে গেলে বিভাগটি চিকিৎসকশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় প্রায় সাড়ে তিন মাস কেটে যায়। এরপর ১৫ ফেব্রুয়ারি একজন সহকারী অধ্যাপক বিভাগের দায়িত্ব নেন।
পাঁচ-ছয় মাস আগে আলাউদ্দিন নামে এখানকার একমাত্র ওয়ার্ডবয় মারা যান। বর্তমানে দুজন নার্স, একজন করে সুইপার ও পিয়ন দিয়ে বিভাগটি চলছে।
মৃণাল কান্তি সরকার থাকার সময় কেমো ও বহির্বিভাগে চিকিৎসা নিতে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন ক্যানসার আক্রান্ত রোগী আসতেন। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় এখন রোগী আসা বন্ধ হয়ে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিভাগটি পরিপূর্ণভাবে চালু করতে চিকিৎসক, নার্সসহ কমপক্ষে ২৪ জন লোকের প্রয়োজন। ইউনিটটি পরিপূর্ণভাবে চালু হলে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থেকেই চিকিৎসা নিতে পারবেন।
যন্ত্রপাতি ও অবকাঠামো থাকার পরও কেন তা স্থাপন করা হচ্ছে না—জানতে চাইলে কর্তৃপক্ষের দাবি, রেডিও থেরাপি যন্ত্র স্থাপনের জন্য যে অবকাঠামো দরকার, তা সেখানে নেই। যে কক্ষ দুটি আছে, তার চারপাশে ও ছাদে সিসার প্রলেপ দিতে হবে, যাতে থেরাপি দেওয়ার সময় রেডিও রশ্মি দেয়াল ও ছাদ ভেদ করে বাইরের মানুষের ক্ষতি না করতে পারে।
সদ্য যোগদান করা সহকারী অধ্যাপক মুকিতুল হুদা বলেন, রেডিও থেরাপি যন্ত্র স্থাপনের জন্য যে অবকাঠামো প্রয়োজন, তা এখানে নেই। এর কারণ হতে পারে অবকাঠামো নির্মাণের সময় অভিজ্ঞদের মতামত না নেওয়া। তা ছাড়া বিভাগটি পরিপূর্ণভাবে চালু করতে যে পরিমাণ জনবলের প্রয়োজন, তা-ও সেখানে নেই।
এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) আনন্দ মোহন সাহা বলেন, ‘বিভাগটি পরিপূর্ণভাবে চালু করতে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের জন্য অনেকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ পড়ে থাকা আধুনিক ক্যানসার চিকিৎসার যন্ত্রটি ফিরিয়ে নিয়ে দুটি অন্য যন্ত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু সেগুলোও স্থাপন করা যাবে কি না, জানি না।’