নামেই শিশুপার্ক, হয় নানা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ আলী উছমান শিশুপার্কটিতে খেলাধুলা ও চিত্তবিনোদনের কোনো উপকরণ নেই। পার্কটি নানা ধরনের অনুষ্ঠানের জন্যই বেশি ব্যবহৃত হয়। ফলে শিশুরা চিত্তবিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
মোহনগঞ্জ পৌরসভা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় লোহিয়ার মাঠে পৌরসভার উদ্যোগে ১৯৯০ সালে প্রায় ৫০ শতক জায়গায় শিশুপার্কটি নির্মাণ করা হয়। কিন্তু এ পর্যন্ত সেখানে শিশুদের বিনোদনের কোনো উপকরণ দেওয়া হয়নি।
পৌরসভার মেয়র মাহবুবুন্নবী শেখ বলেন, পৌর শহরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থানসংকট রয়েছে। তাই এখানে শিশুপার্কের চেয়ে এসব অনুষ্ঠানের গুরুত্বই বেশি। তবে শিশুদের চিত্তবিনোদনের গুরুত্বও কম নয়। পার্কটি পৌরসভা এলাকার অন্যত্র স্থানান্তরের জন্য পৌরবাসীকে নিয়ে শিগগিরই সভা করা হবে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পার্কটির ভেতরে দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চ ও উত্তর পাশে একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনারের এক কোণে চার-পাঁচজন শিশু বিষণ্ন মনে বসে আছে। পুরো পার্কে আর কোনো শিশুর দেখা নেই।
মোহনগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাহুল মিয়া ও সুজন মিয়া; দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জয়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অথই বেগম এবং এভারগ্রিন কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ফারজিন বলে, পার্কটিতে খেলাধুলার কোনো উপকরণ নেই। এখানে দোলনা, চরকা, ঘোড়ার গাড়িও নেই।
দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, পার্কে খেলাধুলার উপকরণ না থাকায় শিশুরা মানসিক বিকাশ লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মেয়র মাহবুবুন্নবী শেখ বলেন, ‘পার্কটির ভেতর নানা অনুষ্ঠান হওয়ায় এখন সেখানে উপকরণ-সামগ্রী দেওয়ার বিষয়টি নতুন করে ভাবতে হবে। হঠাৎ উপকরণ-সামগ্রী দেওয়া হলে অনুষ্ঠানের আয়োজকেরা সমস্যায় পড়বেন। তবে আমি পার্কটির ভেতরে মাটি ভরাটসহ নানা সংস্কারকাজ করিয়েছি।’