নামেই শুধু স্বাস্থ্যকেন্দ্র
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এমএলএসএস মারা গেছেন আট মাস ও ফার্মাসিস্ট অবসরে গেছেন ৪২ মাস আগে। স্বাস্থ্য সহকারী দুই মাসের ছুটিতে আছেন। চিকিৎসা কর্মকর্তা প্রেষণে কাজ করছেন ঝিনাইদহ সদর হাসপাতালে। অর্থাৎ চারটি পদে এখানে কেউই নেই। তাই নামে স্বাস্থ্যকেন্দ্র হলেও এখানে মানুষ কোনো সেবাই পায় না।এলাকাবাসী জানান, প্রায় দুই যুগ ধরে এখানে কোনো চিকিৎসক আসেন না। কাউকে পদায়ন করা হলে যোগদান করেই প্রেষণে বা ছুটি নিয়ে অন্যত্র চলে যান। ৪২ মাস আগে ফার্মাসিস্ট নজরুল ইসলাম অবসরে গেছেন। এরপর নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি। চলতি বছরের মার্চে এমএলএসএস করম আলী মারা গেছেন। তাঁর স্থানেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইসরাইল হোসেন হজ পালনের জন্য ছুটি নিলে তাঁর পরিবর্তে জাহাঙ্গীর হোসেন নামের একজনকে প্রেষণে দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিয়মিত আসেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।বলরামপুর গ্রামের বাসিন্দা গোলাম রসুল জানান, ১৯৪৭ সালে বলরামপুর গ্রামের বাসিন্দা চিকিৎসক নরেন্দ্রনাথ চ্যাটার্জি তাঁর বাবা দীননাথ চ্যাটার্জির নামে তাঁদের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে সরকার এটা নিয়ন্ত্রণে নিয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিচালনা করে আসছে। এখানে একজন চিকিৎসক, একজন চিকিৎসক সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ রয়েছে। বর্তমানে চারটি পদের একটিতেও কেউ দায়িত্ব পালন করছেন না।২৩ অক্টোবর কেন্দ্রে গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। ছিল না কোনো রোগীও। কিছুক্ষণ পর জাহাঙ্গীর হোসেন কেন্দ্রে আসেন। তিনি জানান, তিনি একা সব দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রোগী দেখা তাঁকেই করতে হয়। নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে আসেন বলে দাবি করেন তিনি।অবসরে যাওয়া ফার্মাসিস্ট নজরুল ইসলাম জানান, ১৯৮০ সাল থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় তিনি কোনো চিকিৎসককে দায়িত্ব পালন করতে দেখেননি। যাঁকেই এখানে পদায়ন করা হয়েছে তিনি প্রেষণে অথবা বদলি হয়ে চলে গেছেন। গ্রাম এলাকায় কেন্দ্রটি হওয়ায় এখানে কোনো চিকিৎসক থাকেন না। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিয়ে জানা গেছে, এই দীর্ঘ সময়ে চিকিৎসক সোহেলী পারভীন, কামরুল ইসলাম, আশরাফুল আলম, ইিকবাল হোসেন, তারিক আক্তার খাঁনসহ বেশ কয়েকজন চিকিৎসক পোস্টিং নিয়ে এসেছেন। কিন্তু তাঁদের কেউ কেন্দ্রে বসেননি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে চিকিৎসক মার্ফিয়া খাতুন এখানে যোগদান করেছেন। তিনি যোগদান করেই ডেপুটেশনে চলে গেছেন।বলরামপুর গ্রামের নজরুল ইসলাম জানান, এটাকে এলাকার মানুষ ডাক্তার ছাড়া হাসপাতাল হিসেবে চেনেন। বিগত ২৪-২৫ বছর এখানে কোনো ডাক্তার তাঁরা দেখেননি। শরীরে জ্বর নিয়ে আসা রোগী অনিল কুমার জানান, ডাক্তার থাকেন না বলে তাঁরা এখন আর আসেন না। কিন্তু খুব জ্বর হওয়ায় আজ আসতে বাধ্য হয়েছেন।ঝিনাইদহের সিভিল সার্জন নাসরিন সুলতানা জানান, বর্তমানে ওই সাব-সেন্টারে পোস্টিং থাকা ডাক্তার মার্ফিয়া খাতুন গাইনি বিশেষজ্ঞ। আর সদর হাসপাতালে গাইনি রোগীর অনেক চাপ। যে কারণে তাঁকে এখানে রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, একটু সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকসহ অনান্য পদে অচিরেই পোস্টিং দেওয়া হবে বলে জানান।