নামেই সাক্ষী সেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষী সেল নামে মহানগর পুলিশের সেল আছে ঢাকার আদালতে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) এই সেলের কোনো অফিস পর্যন্ত নেই। দায়রা জজ আদালতে একটি কার্যালয় নামমাত্র থাকলেও না আছে টেলিফোন, না আছে কম্পিউটার। আছে শুধু কয়েকখানা ভাঙা টেবিল-চেয়ার।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির করার সেলে খুব শিগগিরই টেলিফোন, কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রধান ফটকের পাশে একটি চেয়ার নিয়ে বসে আছেন সাক্ষী হাজির করা বিভাগের দুই কর্মী। দুটি চেয়ারের একটি ভাঙা, হাতল নেই। নেই কোনো ফ্যান। টেলিফোন তো দূরে থাক ফাইলপত্র রাখার প্রয়োজনীয় ব্যবস্থাও নেই। অন্যদিকে, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সেলে কয়েকখানা ভাঙা চেয়ার ও দুটি টেবিল রয়েছে। পুলিশের চারজন সদস্য সেখানে বসে আছেন। টেলিফোন, কম্পিউটার, ফ্যাক্স কিছুই নেই এ কার্যালয়ে। ঢাকার দায়রা জজ আদালতের সাক্ষী হাজির সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাক্ষী দিতে আসা লোকজনের বসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বর্তমানে আদালত থেকে সমন-গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র গ্রহণ করা ছাড়া সেলে আর কোনো কাজ হচ্ছে না।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ঢাকার মহানগর পুলিশের সাক্ষী সেলে কম্পিউটার-টেলিফোনের ব্যবস্থা করা উচিত। আর তারা যদি চাঞ্চল্যকর খুন, ধর্ষণ, ডাকাতির মামলাগুলোর সাক্ষীর তালিকা তৈরি করে কাজ করে, তাহলে সাক্ষী হাজির করার হার অনেক বেড়ে যাবে।