নামেই সৌন্দর্যবর্ধন প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কিনব্রিজ এলাকার সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় স্থাপিত বাতিগুলোর বেশ কয়েকটি অকেজো হয়ে গেছে। ফলে সন্ধ্যার পর এই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বেড়ে যায় ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত। নগরে বিনোদনের উল্লেখযোগ্য কোনো স্থান না থাকায় বিভিন্ন এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর সুরমা নদীর তীরে ঘুরতে আসে। প্রতিদিন রাত প্রায় ১০টা পর্যন্ত বহু মানুষ কিনব্রিজ এলাকার নদীর তীরে বেড়ায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কিনব্রিজ এলাকায় নদীর তীরে স্থাপিত ৯০টি বৈদ্যুতিক খুঁটির ২০টি ভেঙে হেলে পড়েছে, ১১টি খুঁটির বাতি চুরি হয়ে গেছে। সুদৃশ্য ফোয়ারাটি অব্যবহূত অবস্থায় অযত্নে-অবহেলায় পড়ে আছে। স্থানীয় লোকজন জানান, নিরাপত্তা প্রহরী না থাকায় রাতে ইস্পাতের বেড়াও চুরি হচ্ছে। অধিকাংশ বাতি দীর্ঘদিন ধরে জ্বলছে না বলেও তাঁরা অভিযোগ করেন। কালীঘাট এলাকার ব্যবসায়ী মুহিবুর রহমান বলেন, ‘সন্ধ্যার পর হাজারো মানুষ নদীর তীরে আসে। কিন্তু বৈদ্যুতিক বাতিগুলো অকেজো থাকায় এখানে এসে নগরবাসীকে নানা ভোগান্তিতে পড়তে হয়। অন্ধকারে ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যায়। এ ছাড়া মানুষ যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করে।’এ ব্যাপারে সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, ‘নদীর তীরে মাদকসেবীদের উৎপাতের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সিলেটের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ হয়েছিল। এর আওতায় নদীর তীর সংরক্ষণের জন্য দেয়াল ও ইস্পাতের বেড়া (স্টিলের রেলিং) নির্মাণ করা হয়। পাশাপাশি ফোয়ারা ও বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়। সূত্র আরও জানায়, নদীর তীর দৃষ্টিনন্দন করে তুলতে প্রচুর গাছ রোপণ করা হয়েছিল। গত বুধবার রাতে নদীর তীরে বেড়াতে এসেছিলেন আরিফ আহমেদ ও নোভা বেগম দম্পতি। তাঁরা অভিন্ন সুরে বলেন, ‘শহরে ঈদ করেছি। প্রায় প্রতিদিনই দুজন মিলে নদীর তীরে বেড়াতে আসছি। কিন্তু এখানে এতগুলো বাতির মাত্র কয়েকটি জ্বলছে। নগরে মাত্র একটি দর্শনীয় স্থান, সেটাকেও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না সিটি কর্তৃপক্ষ।’ চটপটি বিক্রেতা রহিমুদ্দিন জানান, প্রতিদিন কয়েক শ দর্শনার্থী নদীর তীরে বেড়াতে আসেন। এখানে চটপটি-ফুচকাসহ বিভিন্ন খাবারের অস্থায়ী দোকান তৈরি হয়েছে। তবে তীরের সার্বিক পরিবেশ ভালো না হওয়ায় দর্শনার্থীরা হতাশ হয়ে পড়ছেন। সিলেট নগরের রিকাবীবাজার এলাকার বাসিন্দা আবদুল কাইয়ুম পেশায় স্কুলশিক্ষক। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখানে বেড়াতে এসেছেন। তিনি বলেন, ‘মানুষ যত্রতত্র প্রস্রাব-পায়খানা করায় কিছু কিছু অংশে দুর্গন্ধ লেগে থাকে। এ ছাড়া ময়লা-আবর্জনা স্তূপ হয়ে থাকলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না।’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নদীর তীরের সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করার জন্য সিটি করপোরেশন একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দিয়েছে। কিছুদিন আগেও বৈদ্যুতিক বাতিগুলো সংস্কারের কাজ করা হয়েছিল। তবে রাতে বৈদ্যুতিক বাতি ও ইস্পাতের বেড়া খোয়া যাচ্ছে। তাই নিরাপত্তা আরও জোরদার করা হবে।’ সুরমা নদীর তীরের ফোয়ারটি সচল রয়েছে দাবি করে তিনি আরও বলেন, নদীর তীর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বৈদ্যুতিক বাতিগুলো পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।