নামেই 'কম স্টপেজ' আদতে ভাড়া বেশি
গ্যাসে চালানো বাস-মিনিবাসের ভাড়া গত ১ অক্টোবর বাড়ায় সরকার। কিন্তু ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী বাসের মালিকেরা ‘সিটিং সার্ভিস’ ‘কম স্টপেজ’ নাম দিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করছেন। শুধু বাসই নয়, লেগুনা, হিউম্যান হলার নামে চলাচলকারী ছোট যানগুলোর ভাড়া সরকার নির্ধারণ না করায় মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।
সরেজমিনে দেখা যায়, মিরপুর ১ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মিরপুর মিশন পরিবহনের একটি মিনিবাসের চালকের সহকারী ইব্রাহিম বলেন, ফার্মগেটের ভাড়া ১৫ টাকা, আগে ছিল ১৩ টাকা। আর মতিঝিলের ২৩ টাকার ভাড়া ২৭ টাকা নিচ্ছি।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা অনুসারে, মিরপুর ১ থেকে ফার্মগেট হয়ে মতিঝিলের দূরত্ব ১৩ কিলোমিটারের সামান্য বেশি। নতুন হার অনুসারে এই পথের ভাড়া আসে ২১ টাকা। অথচ এই পরিবহনের মালিকেরা আগে থেকেই আদায় করে আসছেন ২৩ টাকা; এখন ২৭ টাকা।
একই পথে চলাচলকারী নিউ ভিশন, বসুমতিসহ কয়েকটি কোম্পানির বাস ‘সিটিং সার্ভিস’ ‘কম স্টপেজ’ নাম দিয়ে চলাচল করছে। এ জন্য বাসে উঠলেই ১৫ টাকা ভাড়া গুনতে হচ্ছে। অথচ সরকার মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দিয়েছে ৫ টাকা।
বিভিন্ন পথে চলাচলকারী অন্তত ২৫টি বাসে উঠে দেখা যায়, সরকারি ভাড়ার তালিকা টাঙানো নেই। ভাড়া বাড়ানোর পরের কয়েকদিন ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বাসে ভাড়ার তালিকা টানানো হলেও এখন খুলে ফেলা হয়েছে। মিরপুর পল্লবী থেকে নিউমার্কেট পর্যন্ত বিকল্প ও সেফটি পরিবহনের বাসগুলোতে ভাড়া আদায় করা হচ্ছে ২৪ টাকা। আগে এই পথের ভাড়া আদায় করা হতো ২০ টাকা। বিআরটিএর হিসাবে এই পথের দূরত্ব সাড়ে ১২ কিলোমিটার। নতুন হারেই ভাড়া আসে ২০ টাকা।
সিএনজির দাম বাড়ায় ঢাকা ও এর আশপাশের জেলায় এবং চট্টগ্রামে এই গ্যাসে চালিত বাস-মিনিবাসের ভাড়া প্রত্যেক যাত্রীর জন্য প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করে সরকার। নতুন হার অনুসারে বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সা।
ঢাকায় যেসব ছোট যান লেগুনা, গ্রামীণ, ম্যাক্সি নামে চলাচল করে, বিআরটিএ সেগুলোকে হিউম্যান হলার হিসেবে নিবন্ধন দেয়। ঢাকায় এই ছোট যানের নিবন্ধন আছে ৩ হাজার ৯১৪টির। এর অনেকগুলোরই মেয়াদোত্তীর্ণ হয়ে ঢাকার বাইরে চলে যাওয়ার কথা। ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও মালিক-শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঢাকা ও এর আশপাশে প্রায় ১০ হাজার হিউম্যান হলার চলে।
মিরপুর ১ নম্বর থেকে জিগাতলা পর্যন্ত লেগুনার ভাড়া ছিল ১৮ টাকা। ভাড়া ৭ টাকা বাড়িয়ে ২৫ টাকা নেওয়া হচ্ছে। সর্বনিম্ন ভাড়া ৭ টাকা।
এ পথের নিয়মিত যাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরান আহমেদ বলেন, ‘সরকার কিলোমিটারপ্রতি ১০ পয়সা ভাড়া বাড়াল। কিন্তু মিরপুর থেকে জিগাতলার ভাড়া বেড়ে গেল ৭ টাকা। তার মানে কি এ পথের দূরত্ব ৭০ কিলোমিটার?’ লেগুনায় মিরপুর ১ নম্বর থেকে মহাখালীর ভাড়া ছিল ১৫ টাকা। এখন তা ২০ টাকা নেওয়া হচ্ছে। গাবতলী থেকে মহাখালী পথে চলাচলকারী লেগুনার ভাড়া ১৫ টাকার বদলে ২০ টাকায় ঠেকেছে। গাবতলী থেকে মিরপুর ১৪ নম্বর পথে চলাচলকারী হিউম্যান হলারে ১৪ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৮ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাসে তালিকা থাকবে একটি, আর তা সরকারি তালিকা। এর ব্যতিক্রম হলেই ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেন। সিটিং সার্ভিস বলে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। ভবিষ্যতে হিউম্যান হলারের ভাড়া নির্ধারণ করে দেওয়া হতে পারে।