নামেই 'বিশেষ' ঈদ আয়োজন
রেলের ১৬৯টি পুরোনো বগি মেরামত করে ঈদের জন্য বহরে যুক্ত করা হচ্ছে। আর স্বাভাবিক বিরতি বাদ দিয়ে বাড়ানো হচ্ছে বাসের যাত্রার (ট্রিপ) সংখ্যা। এই হলো এবার ঈদে ঘরমুখী মানুষের জন্য নেওয়া রেল ও সড়কপথে ‘বিশেষ আয়োজন’।
অবশ্য স্বাভাবিক সময়ে পুরোনো বগি মেরামতের পর তা রেলে যুক্ত করার বিষয়টি চলমান প্রক্রিয়া। আর যাত্রীসংকটের কারণে স্বাভাবিক সময়ে নির্দিষ্ট বিরতি দিয়ে চালানো হয় বাস।
রেল মন্ত্রণালয় গত ২১ জুন সংবাদ সম্মেলন করে ঈদের বিশেষ আয়োজনের ঘোষণা দেয়। ২৩ জুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তমন্ত্রণালয় বৈঠক করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, বাসের সংখ্যা তো বৃদ্ধি করা সম্ভব নয়। তবে শহরতলিতে চলাচলকারী তুলনামূলক মানসম্পন্ন বাস দূরের পথে চালানোর ব্যবস্থা করা হবে।
ঈদ উপলক্ষে দূরপাল্লার পথের বাসের টিকিট বিক্রি শুরু হবে আজ শুক্রবার ভোর থেকে। তবে সব কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করে না। বড় বড় কোম্পানিই রাজধানীর বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে টিকিট বিক্রি করবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হয়।
অবশ্য রেলের অগ্রিম টিকিট নির্দিষ্ট দিনের দেওয়া হয়। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রথম দিন বিক্রি হবে ১৩ জুলাই যাত্রার টিকিট। এভাবে ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ১৪ থেকে ১৭ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আর রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন ২৩ হাজার টিকিট বিক্রি করা হবে। বর্তমানে সারা দেশে ৮৬টি আন্তনগর ট্রেন চলে।
ঈদে কত মানুষ ঢাকা ছাড়ে—এর কোনো সমীক্ষা পাওয়া যায় না। তবে পরিবহনমালিক, রেল কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, ঈদে অর্ধেক বাসিন্দা ঢাকা ছাড়ে। ট্রেন, বাস ও লঞ্চের ছাদে উঠেও বাড়ি ফেরে মানুষ। বাড়তি মানুষের চাপের কথা বিবেচনা করে নগর পরিবহনের অনেক লক্কড়ঝক্কড় বাসে রং লাগানো শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাভারের বলিয়ারপুর ও আমিনবাজারের বিভিন্ন ওয়ার্কশপে পুরোনো বাস মেরামত করে রং করতে দেখা গেছে।
রেলের আয়োজন: রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ থেকে ঈদ উপলক্ষে ১৬৯টি বাড়তি বগি সরবরাহ করা হবে। এসব বগি আন্তনগর, মেইল, লোকাল ও বিশেষ ট্রেনে সংযোজন করা হবে। ইতিমধ্যে ১০টি বগি যুক্ত করা হয়েছে। একইভাবে কারখানায় মেরামতাধীন ২৫টি ইঞ্জিনও ঈদ উপলক্ষে নামানো হবে।
তবে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, যোগ করা বগিগুলো নতুন কিছু নয়। কারণ, সারা বছর ধরে বিভিন্ন ট্রেনের যেসব বগি অকেজো হয়ে যায়, সেগুলো মেরামত করার জন্য কারখানায় পাঠানো হয়। ঈদ এলে প্রতিবছর এসব বগি সরবরাহ করা হয়। এখন রেলের ঢাকা বিভাগীয় অঞ্চলে ২৭টি ট্রেনে নির্ধারিত পরিমাণে বগি নেই।
ভিভিআইপিদের চলাচলের জন্য বিভিন্ন ট্রেনে ‘স্যালুন কার’ যোগ করা হয়। এক কক্ষের এই ব্যবস্থায় ঘুমানোর, বসার এবং খাবার টেবিলসহ নানা ব্যবস্থা রয়েছে। ঈদ উপলক্ষে ১২-২৬ জুলাই পর্যন্ত স্যালুন বন্ধ থাকবে। ভিভিআইপি-ভিআইপি ও রেলের কর্মীদের জন্য অগ্রিম টিকিটের ১০ শতাংশ সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে।
তবে নাম প্রকাশ না করে রেলের কয়েকজন কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর চেয়েও বেশি টিকিট নিয়ে থাকেন প্রতিবার। এ ছাড়া ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও উচ্চ শ্রেণির আসন সীমিত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই দুই শ্রেণির টিকিটের চাহিদা বেশি বলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঈদ উপলক্ষে প্রতিবছর কিছু বিশেষ ট্রেন চালু করা হয়। এগুলো মূলত পুরোনো কোচ মেরামত করে এবং কিছু লোকাল ট্রেনের বগি দিয়ে চালানো হয়। এবার ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এসব ট্রেনের চলাচল শুরু হবে ঈদের তিন দিন আগ থেকে। মাঝখানে ঈদ এবং এর পরের দিন বন্ধ থাকার পর পরবর্তী আরও সাত দিন চলবে।
বাসের আয়োজন: সড়কপথে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল এবং রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে স্বাভাবিক সময়ে প্রায় পাঁচ হাজার বাস চলাচল করে। কিন্তু ঈদ উপলক্ষে বাসমালিকেরা এগুলোর যাত্রা সংখ্যা (ট্রিপ) বৃদ্ধি করার কৌশল নেন। এরপরও টিকিটের বাড়তি চাপ শুরু হলেই কালোবাজারে বিক্রি ও বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা শুরু হয়।
একাধিক পরিবহনমালিক জানান, স্বাভাবিক সময়ে একটি বাস দূরের কোনো জেলা থেকে সকালে যাত্রী নিয়ে এলে তা বসিয়ে রেখে রাতে চালানো হয়। একইভাবে ঢাকা থেকে যাওয়া বাসগুলো গন্তব্যে পৌঁছে নির্দিষ্ট সময় পর্যন্ত বসিয়ে রাখা হয়। এ ছাড়া ১০ শতাংশ বাস থাকে স্বাভাবিক মেরামতে। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবিরতির এমন সময়কাল কমিয়ে আনা হয়। ফলে যাত্রা সংখ্যা (ট্রিপ) বাড়ে। এর মাধ্যমে ২০ শতাংশ পর্যন্ত ট্রিপ বাড়ানো সম্ভব।
জানতে চাইলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে তো নতুন বাস নামানো যাবে না। এখন ব্যবস্থাপনা দিয়ে যত বেশি যাত্রী নেওয়া যায়, সেটাই তাদের মূল লক্ষ্য। কালোবাজারে টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘বাসের টিকিট রেখে তো আমাদের লাভ নেই। বিক্রি তো করতেই হবে। বড় কোম্পানিগুলো কারও কারও অনুরোধে টিকিট রাখে। কিন্তু কালোবাজারে বিক্রি করে না।’