নামের জন্য বিদ্যালয়ে তালা, পরীক্ষা হয়নি
জমিদাতাদের নামে নামকরণ না করায় তাঁদের উত্তরসূরিরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নন্দনপুর উচ্চবিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় সাময়িকের ওই দিনের পরীক্ষা দিতে পারেনি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হাজীপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চবিদ্যালয়টি ১৯৬৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে পার্শ্ববর্তী নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই চলে আসছিল এর পাঠদান কার্যক্রম। পরবর্তী সময়ে ১৯৮০ সালে পার্শ্ববর্তী করনা গ্রামের কেরামত আলী, তসলিমউদ্দীন ও মোহাম্মদ আলী তাঁদের নামে স্কুলটির নাম হবে—এই শর্তে ওই প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ৭৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন। একই সঙ্গে জমিদাতারা তাঁদের নামের আদ্যক্ষর যুক্ত করে বিদ্যালয়ের নাম নির্ধারণ করে দেন ‘নন্দনপুর কেটিএম হাই স্কুল’।১৯৭৬ সালে আরডিআরএস নামের একটি বেসরকারি সংস্থা বিদ্যালয়ের আধা পাকা একাডেমিক ভবন তৈরি করে দেয়। এর পর থেকে ‘কেটিএম’ বাদ দিয়ে ‘নন্দনপুর উচ্চ বিদ্যালয়’ নামেই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে জমিদাতাদের উত্তরসূরি কাউকেই সদস্য করা হয়নি। এতে তাঁরা ক্ষীপ্ত হন।প্রত্যক্ষদর্শী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, এসব কারণে সোমবার সকালে জমিদাতাদের উত্তরসূরিরা বিদ্যালয়ের মূল ভবনের দরজাগুলোতে তালা ঝুলিয়ে দেন। এ কারণে শিক্ষার্থীরা দ্বিতীয় সাময়িকের ওই দিনের পরীক্ষা দিতে পারেনি। শিক্ষকেরাও বিদ্যালয়ে ঢুকতে না পারায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে যান।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে এক জমিদাতার শরিক জয়নাল আবেদীন বলেন, ‘স্কুলের নামে রেজিস্ট্রি করে দেওয়া দলিলে ‘নন্দনপুর কেটিএম উচ্চ বিদ্যালয়’ উল্লেখ করা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ সুকৌশলে তাঁদের পিতাদের নাম বাদ দিয়েছে।’এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’