নামের তালিকা বাতিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রস্তাবিত তালিকা বাতিলের সুপারিশ করা হয়েছে। গত ২১ মে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের তদন্ত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণের লক্ষ্যে প্রতি উপজেলা থেকে নামের তালিকা আহ্বান করা হয়। কামারখন্দ উপজেলা কমান্ডের কমান্ডার গাজী আমিনুল ইসলাম তিনজন সচ্ছল মুক্তিযোদ্ধার নামের তালিকা পাঠান। এঁরা হলেন এস এম এ সাত্তার, আবদুল কাদের খান ও আবদুল খালেক। অনিয়মের অভিযোগে ১৮ মার্চ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার গাজী শাহাদত হোসেন ও ২২ জন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় জেলা প্রশাসক বরাবর ১৯ মার্চ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তদন্ত করেন। গত বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কাছে ওই প্রতিবেদন দাখিল করেন।
এ প্রসঙ্গে কামরুল হাসান জানান, ওই তিন মুক্তিযোদ্ধা দুস্থ ও অসচ্ছল নন। তাই আগের প্রস্তাব বাতিল করে নতুন তালিকা করা যেতে পারে।