নামের ভুলে টিকে গেলেন 'মাদক' ব্যবসায়ী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হলফনামায় প্রার্থীর নাম লেখা হয়েছে মোফাজ্জুল হোসেন। কিন্তু ভুল করে অভিযোগকারী লিখেছেন, মোজাম্মেল হোসেন। মোফাজ্জুল হোসেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের হলফনামায় মামলার তথ্য গোপন করে নির্বাচনে লড়ছেন একজন কাউন্সিলর প্রার্থী। ৯ ডিসেম্বর ওই প্রার্থীর বিরুদ্ধে এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে মাদকের মামলার এজাহারের প্রতিলিপিসহ লিখিত অভিযোগ করেন। কিন্তু নামের বানান ভুল করায় তাঁর প্রার্থিতা টিকে গেছে।

হলফনামায় প্রার্থীর নাম লেখা হয়েছে মোফাজ্জুল হোসেন। কিন্তু ভুল করে অভিযোগকারী লিখেছেন, মোজাম্মেল হোসেন। মোফাজ্জুল হোসেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামায় তাঁর দুটি মাদকের মামলার ব্যাপারে তিনি কোনো তথ্য দেননি।
৯ ডিসেম্বর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মহল্লার ইমরান নামের এক ব্যক্তি মোফাজ্জুলের নামে গোদাগাড়ী ও দিনাজপুর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সঙ্গে গোদাগাড়ী থানায় বিজিবির দায়ের করা হেরোইনের মামলার এজাহার সংযুক্ত করে দেন। তারপরও তাঁর প্রার্থিতা রয়ে গেছে।
এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলোতে ‘মামলার তথ্য গোপন করে লড়ছেন মাদক ব্যবসায়ী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখে অভিযোগকারী প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে ফোন করে বলেন, মোফাজ্জুলের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তার অনুলিপি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও দিয়েছেন।
গত শুক্রবার গোদাগাড়ীর ইউএনও খালিদ হোসেন বলেছিলেন, মোফাজ্জলের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগই করেনি। গতকাল এই অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগপত্র দেওয়া হয়েছে এ কথা ঠিক। তবে তাতে নামের জায়গায় মোজাম্মেল হোসেন লেখা হয়েছে। এই নামে ২ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থীই নেই। তাহলে তিনি কীভাবে ব্যবস্থা নেবেন!
গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ১৪ নভেম্বর গোদাগাড়ী থানায় করা মামলায় মোফাজ্জুলকে ২ নম্বর আসামি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়, ১৪ নভেম্বর বিজিবির একটি দল গোদাগাড়ীর মহিশালবাড়ি ফকিরপাড়ায় শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনের তিনটি প্যাকেট উদ্ধার করে।
পরে জিজ্ঞাসাবাদে শহিদুল বলেন, হেরোইনের প্রকৃত মালিক মোফাজ্জুল।
এ ছাড়া গত বছরের ১৯ ডিসেম্বর দিনাজপুরের কোতোয়ালি থানায় হওয়া মাদক মামলায় গত ২৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।