নামের মিল থাকায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাজিয়া বেগম নামের এক নারী খুনের মামলার আসামির নামের সঙ্গে মিল থাকায় তাজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আসামি তাজুল ইসলামকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু নিরপরাধ তাজুল এখনো ছাড়া পাননি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর পৌর এলাকার লুদরপুর গ্রামের হাওর থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন মিয়া সিলেট টুলটিকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মছব্বিরকে প্রধান আসামিসহ তিনজনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত মঙ্গলবার পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে হবিবপুর গ্রামের আবদুর রউফের ছেলে তাজুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। বুধবার এলাকাবাসী ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ত লোহারগাঁ গ্রামের তরিকুল ইসলামের ছেলে তাজুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার তিনি (তরিকুলের ছেলে তাজুল) সুনামগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীনতার সমালোচনা হয় এবং সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ কাউকে হয়রানি না করতে আহ্বান জানানো হয়।
থানার ওসি মাকছুদুর রহমান বলেন, ‘দুই তাজুলই হবিবপুর গ্রামে বসবাস করতেন। নামের ভুলে এমনটি হয়েছে। প্রকৃত তাজুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এখন নিরপরাধ তাজুলকে মুক্ত করতে পদক্ষেপ নেব।’