নামের মিল থাকায় জেল খাটছেন চা-বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামির সঙ্গে নামে মিল থাকায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের কাওসার উকিল নামের এক চা-বিক্রেতা কারাভোগ করছেন। ভান্ডারিয়া থানা-পুলিশের ভুলে তিনি বিনা বিচারে আট দিন ধরে কারাগারে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের হাকিম উকিলের ছেলে কাওছার উকিল। ২৪ মার্চ ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী কাওছার উকিলকে গ্রেপ্তার করতে চরখালী এলাকায় যান। এ সময় তিনি উপজেলার হেতালিয়া গ্রামের আবুল হাসেম উকিলের ছেলে চরখালী ফেরিঘাট এলাকার চা-বিক্রেতা কাওছার উকিলকে গ্রেপ্তার করেন। পরদিন কাওছারকে আদালতে সোপর্দ করা হয়। এরপর থেকে কাওছার কারাগারে রয়েছেন। বয়স, পিতার নাম ও গ্রামের মিল না থাকার পরও শুধু নামের মিল থাকায় কাওছার উকিলকে গ্রেপ্তার করে পুলিশ।
কাওসার উকিলের ছোট ভাই জাকারিয়া উকিল বলেন, ‘গ্রেপ্তারের সময় আমার ভাই বলেছিল তার নামে কোনো মামলা নেই। তারপরও বিষয়টি আমলে না নিয়ে যাচাইবাছাই না করে তাকে গ্রেপ্তার করে। আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। চা বিক্রি করে ভাই পাঁচ সদস্যের পরিবার চালান। এনজিও ব্র্যাকের কিস্তি আছে। ভাই জেলে থাকায় অনাহারে কাটছে তার পরিবারের সদস্যদের। কিস্তির টাকা দিতে পারছে না।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খুলনার বটিয়াঘাটা উপজেলার নবীনগর গজালমারী গ্রামের আবুল কালামের মেয়ে শিমু আক্তার তাঁর স্বামীসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামিদের স্থায়ী ঠিকানা ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামে।
খুলনা জজ আদালতের আইনজীবী আবদুল মজিদ জানান, বিনা অপরাধে জেলহাজতে থাকা কাওসার উকিলের জামিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
ভান্ডারিয়া থানার এসআই সুজন চক্রবর্তী ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, নিরপরাধ হওয়ায় কাওসারকে মুক্ত করতে তিনি নিজে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গতকাল সন্ধ্যায় বলেন, আসামির নামে মিল থাকায় এ রকম ঘটনা ঘটেছে।