নারকেল, চিনি গুড়ের দাম চড়া পূজায় বিপাকে দরিদ্র মানুষ
চিনির তুলনায় দেড়গুণ বেশি দাম গুড়ের। নারকেলের দামও চড়া। দুর্গাপূজায় নারকেলের নাড়ু একটি প্রধান মিষ্টান্ন। কিন্তু নাড়ু বানানোর উপকরণগুলোর দাম চড়া হওয়ায় হিন্দু সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা যায়, দুপচাঁচিয়া পৌর বাজারে প্রতি কেজি চিনি ৭৩, ভালো মানের গুড় ১১০ এবং এক জোড়া নারকেল ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত বছরও এ সময় প্রতি কেজি চিনি ৩৮, গুড় ৭০ এবং এক জোড়া নারকেল ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছে।
পূজা উপলক্ষে বাজারে এসব দ্রব্য কিনতে এসেছেন ব্যবসায়ী সুধীর চন্দ্র দাস। তিনি বলেন, এবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পর থেকে দ্রব্যমূল্য দ্বিগুণ হয়েছে। নারকেলের নাডু ছাড়া পূজাই সম্পন্ন হবে না হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাই কষ্ট করে হলেও এসব কিনছেন বলে জানান তিনি।
উপজেলা সদরের শহরতলির বাসিন্দা রিকশাচালক রতন মালী বলেন, ‘জিনিসপত্রের যে দাম, আমাদের মতো কম আয়ের মানুষের পক্ষে এসব কেনা দায়। বাড়িতে ছেলে-মেয়ে আছে। বছরে একবারই পূজার খরচ হয়। তাই জানের ওপর জুলুম হলেও যৎসামান্য কিনব।’
পৌর বাজারের নারকেলবিক্রেতা সুকুমার সাহা বলেন, গতবারের চেয়ে এবার নারকেলের দাম অনেক বেশি।
একই বাজারের গুড়বিক্রেতা সুব্রত সাহা বলেন, ‘চিনির দাম বাড়ায় গুড়ের দাম বেড়েছে। এখন গুড়ে চিনি মেশিয়ে বিক্রি করছেন এক শ্রেণির দোকানি। ভালো মানের গুড় গতবারের চেয়ে দেড়গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। পূজায় চিনির দাম গুড়ের চেয়ে যত কমই হোক, তারপরও গুড়ের তৈরি নাড়ুর স্বাদই আলাদা।’