নারকোটিকস জাতীয় ওষুধ আরও কম সময়ে অনুমোদনের আশ্বাস
আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে নারকোটিকস জাতীয় ওষুধ (মানুষ নেশাগ্রস্ত হওয়ার মতো ওষুধ) অনুমোদনের জন্য যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তা কমিয়ে ৩০ দিনের মধ্যেই এ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির ঘোষণা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এ ঘোষণা দেন।
বাংলাদেশের ওষুধ রপ্তানিতে নারকোটিকস জাতীয় ওষুধের ভূমিকা এবং বিরাজমান বিভিন্ন সমস্যা ও জটিলতা নিরসন এবং নারকোটিকস জাতীয় ওষুধের রপ্তানি সহজ ও ত্বরান্বিত করার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ওষুধ শিল্প সমিতির নেতারা বলেন, প্রায় ৪২ ধরনের ওষুধ আমদানি ও রপ্তানির জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন এবং ওষুধ প্রশাসনের সুপারিশ লাগে। বিভিন্ন পর্যায়ে এ কাজ শেষ করতে ৭০ থেকে ৯০ দিন লেগে যায়। দীর্ঘ এ সময়ের কারণে নানা ধরনের জটিলতায় পড়তে হয়, যা ওষুধ শিল্পের উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করে।
এর পরিপ্রেক্ষিতে খন্দকার রাকিবুর রহমান এখন থেকে ৩০ দিনের মধ্যেই এ কাজ শেষ করার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া এ সময় আরও কমিয়ে আনার জন্য অনলাইনের মাধ্যমে কীভাবে এটি সহজ ও দ্রুততর করা যায় তাও বিবেচনার আশ্বাস দেন তিনি।
তিনি ওষুধ শিল্প সমিতির নেতাদের বিভিন্ন গণমাধ্যমে মাদক বিরোধী প্রচারণায় সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ দেশে এইডস বিরোধী প্রচার-প্রচারণা আছে; কিন্তু মাদক বিরোধী প্রচারণা সেই অনুপাতে কম। নেশা জাতীয় ওষুধের অপব্যবহার রোধেও তিনি সমিতির সহায়তা চান।
আলোচনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের যৌথ আলোচনা অত্যন্ত সময় উপযোগী ও প্রয়োজনীয়। নারকোটিকস জাতীয় ওষুধের অনুমোদনের ক্ষেত্রে সময় যাতে আরও কম লাগে সে জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরির ক্ষেত্রে সকলকে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে ওষুধ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হারুনুর রশীদ, মহাসচিব এসএম শফিউজ্জামান, উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী ও আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।