নারদ নদের দখল উচ্ছেদ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের মধ্যে নাটোরের নারদ নদের অবৈধ দখল উচ্ছেদ, শিল্প কলকারখানার বর্জ্য ফেলা বন্ধ, পরিকল্পিত খনন ও সংস্কার এবং রাজশাহীর চারঘাটের জলকপাট (স্লুইসগেট) অপসারণ করে নদে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

সচেতন নাগরিক কমিটির (টিআইবি-সনাক) উদ্যোগে গতকাল রোববার নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নাটোরের ২৩টি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, এন এস কলেজের সাবেক অধ্যাপক সুবিদ কুমার মৈত্র, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নগেন রায়সহ অন্যরা।

শরিফুল ইসলাম বলেন, শহরের মধ্য দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রাতা নারদ নদ ভূমিদস্যুদের কবলে পড়ে এখন একটি নালায় পরিণত হয়েছে। এই নদের পানি প্রবাহের ব্যবস্থা করা নাটোরবাসীর দীর্ঘদিনের দাবি। নদের অবৈধ দখল উচ্ছেদে হাইকোর্টের আদেশ থাকলেও জেলা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বক্তারা দ্রুত নারদ নদের অবৈধ দখল উচ্ছেদসহ পরিকল্পিত খনন ও সংস্কার এবং চারঘাটের জলকপাট অপসারণ করে নদে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সাত দিনের মধ্যে এ ব্যাপারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে নাটোরবাসীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।