নারাজি আবেদন নামঞ্জুর, অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার একটিতে আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে আদালত দুটি মামলাতেই অভিযোগপত্র গ্রহণ করেছেন।
মামলায় র‌্যাবের পলাতক আট সদস্যসহ ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত।
নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ওই নারাজি আবেদনটি করেছিলেন। যে অভিযোগপত্রের বিরুদ্ধে তিনি এটি করেন, তাতে পুলিশ আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করেছিল। সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল এজাহারভুক্ত পাঁচ আসামিকে।
গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইদুজ্জামান শরীফের আদালতে নারাজি আবেদনের ওপর শুনানি
শেষে ওই সব আদেশ দেওয়া হয়। গত ১১ মে নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার মামলায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি (বাদী) নারাজি আবেদনটি করেন। গত জুনে এ আবেদনের ওপর শুনানির পর গতকাল ছিল এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দিন। অপর দিকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় অপর মামলাটি করেছিলেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। এ মামলার অভিযোগপত্রে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সকালে শুনানি শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র‌্যাবের অব্যাহতি পাওয়া সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ৩২ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান, দাখিলকৃত অভিযোগপত্রে একটি মামলার বাদীর কোনো আপত্তি নেই। অপর মামলার বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করে আদালত দুই মামলাতেই অভিযোগপত্র গ্রহণ করেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোক এবং দাখিলকৃত অভিযোগপত্রে অব্যাহতিপ্রাপ্ত আসামিদের অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত।
এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা এই নারাজি আবেদন নামঞ্জুরে সংক্ষুব্ধ হয়েছি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, হত্যাকাণ্ডটিকে পরিকল্পনা ও অর্থের জোগান, অপহরণ, গুম ও হত্যা—এসব অংশে ভাগ করলে পরিকল্পনা ও অর্থের জোগানের বিষয়টি তদন্ত কর্মকর্তা কোনোভাবেই উদ্ঘাটন করতে পারেননি। অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত যে পাঁচ আসামিকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তদন্ত কর্মকর্তা প্রথম থেকেই ওই আসামিদের বিরুদ্ধে শৈথিল্য দেখিয়েছেন।
এই আইনজীবী বলেন, ‘আমরা মনে করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মীয়স্বজন জড়িত। সরকারি দলের লোকজন জড়িত। তাই আইনের গতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।’
সেলিনা ইসলাম বিউটি তদন্তকারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পলাতক নূর হোসেন ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিনুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেনকে অভিযুক্ত করে মামলা করা হয়। কিন্তু নূর হোসেন ছাড়া এই পাঁচজনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইকবাল, রাজু এলাকায় এসে অস্ত্র নিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা নাকি দেড় কোটি টাকা দিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছে। আমরা সঠিক বিচার পাইনি।’
নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘চুরির মামলায়ও বাদীর নারাজি আবেদন আদালত প্রাথমিকভাবে গ্রহণ করে। কিন্তু সাত খুনের মতো দেশব্যাপী চাঞ্চল্যকর ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতির ঘটনায় করা নারাজি আবেদন খারিজ হওয়ায় নিহতদের পরিবারগুলো সংক্ষুব্ধ।’
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, পলাতক আসামিদের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা পৃথক দুটি মামলা করেন।
এ ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩২ জনকে আটক করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন জবানবন্দি দেন। ঘটনার সাক্ষী হিসেবে আরও ১৭ জন জবানবন্দি দেন।
চলতি বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক ওই তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। আর র‌্যাবের আট সদস্যসহ পলাতক রয়েছেন ১৩ জন।
পলাতক আসামি যাঁরা: র‌্যাব-১১-এর সার্জেন্ট এনামুল কবীর, এএসআই কামাল হোসেন, করপোরাল মোখলেছুর রহমান, সৈনিক আবদুল আলিম, মহিউদ্দিন মুন্সী, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান।
পলাতক অপর পাঁচজন হলেন অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি নূর হোসেন ও তাঁর সহযোগী বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার সেলিম, সিদ্ধিরগঞ্জ এলাকার সানাউল্লাহ, শাহজাহান ও জামাল উদ্দিন। প্রথম দুজন বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন।

আরও পড়ুন