নারাজি আবেদনের অধিকতর শুনানি ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে হত্যাচেষ্টার মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ছয় সদস্যকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের ওপর অধিকতর শুনানি হবে ১৩ ফেব্রুয়ারি। গতকাল বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম এই দিন ধার্য করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালত পুলিশের পরিদর্শক সুরেন্দ্র কুমার গতকাল আদালতে অধিকতর শুনানির আবেদন করেন। সুরেন্দ্র কুমার জানান, শুনানি গ্রহণকারী বিচারক শুনানি শেষে আদেশ দিতে না পারলে পরবর্তী বিচারক নতুন করে শুনানি গ্রহণ করতে পারেন। রাষ্ট্রপক্ষে আদালতে পরিদর্শককেই অধিকতর শুনানির আবেদন করতে হয়।১৪ আগস্ট বরিশাল র‌্যাব-৮-এর উপপরিচালক লুৎফর রহমানসহ র‌্যাবের ছয় সদস্যকে লিমন হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন রাজাপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার। ৩০ আগস্ট লিমনের মা হেনোয়ারা বেগম চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ১৭ অক্টোবর ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে নারাজি আবেদনের ওপর শুনানি হয়। আদেশ দেওয়ার আগেই ৮ নভেম্বর নুসরাত জাহান বরিশালে বদলি হন।