নারাজি আবেদনের ওপর আদেশ ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের ​করা নারাজি আবেদনের ওপর আগামী ৮ জুলাই আদেশ দেওয়া হবে। আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম এ আদেশ দেন। এজাহারে থাকা কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় এবং কয়েকজনের নাম না আসায় গত ১১ ​মে তিনি এই নারাজি আবেদন করেন।

এর আগে আদালতে অপর মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল জেলা গোয়েন্দা পুলিশের দাখিল করা অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ মোট ৩২ জনকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত সাত আসামির মধ্যে অভিযোগপত্রে শুধু নূর হোসেনকে আসামি করেছে। অপর ছয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ৬ আসামিকে আটক বা জিজ্ঞাসাবাদ ছাড়াই মামলা থেকে অব্যাহতি দেয়ায় মামলার তদন্তে গুরুতর অনিয়ম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁর নিরপেক্ষতা হারিয়েছেন। আমরা ন্যায় বিচারের স্বার্থে মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডির কাছে আবেদন জানিয়েছি।’

অন্যদিকে নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যা মামলার বাদী সেলিনা ইসলাম নারাজি আবেদনের বিষয়ে বলেন, আসামিরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যাঁরা এই হত্যাকাণ্ডের অর্থায়ন ও পরিকল্পনাকারীর তাঁদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া এজাহারভুক্ত ছয় আসামিকে অন্তর্ভুক্তির দাবি জানান। তিনি প্রশ্ন করে বলেন, 'আসামি ইকবাল ও আমিনুল ইসলাম রাজু কীভাবে এলাকায় ফিরে এসেছে? তারা এত বড় একটি হত্যাকাণ্ডের পর এলাকায় ফিরে আমাদের হুমকি-ধমকি দেয়।'

অন্যদিকে নিহত আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় অপর মামলার বাদী নিহত চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আাদালতে জেলা গোয়েন্দা পুলিশের দাখিল করা অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করেন। আদালত তাঁর কাছে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন ​দেবে কি না জানতে চান। জবাবে বিজয় কুমার পাল জানান ‘না’। অভিযোগপত্রের বিষয়ে কোনো তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কে এম ফজলুর রহমান বলেন, মামলার তদন্তে ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আসামি করেছেন। একটি মামলার বাদী রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নারাজি পিটিশন দাখিল করেছেন।

জবাবে বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত জানান, নিহত নজরুল ইসলাম যেই দল করতেন এবং আসামি নূর হোসেনও একই দল করতেন। এখানে রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ সত্য নয়।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার বাদী হয়ে পৃথক মামলা করেন। এ ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল দুটি মামলায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। র‍্যাবের আট সদস্যসহ ১৩ জনকে পলাতক দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে আটকের পর সেখানেই কারাগারে আটক আছেন।

নারাজি আবেদনে যা আছে: নারাজি আবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ ফেব্রুয়ারি নূর হোসেন তাঁর সহযোগী হাজি ইয়াসিন, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার ও ইকবাল হোসেন এলাকায় সশস্ত্র মহড়া দেন। এ সময় ঘোষণা দেন, নজরুল ও তাঁর পরিবারের লোকজনকে যেখানেই পাওয়া যাবে, হত্যা করা হবে। এই পাঁচজনের নাম মামলার এজাহারে থাকলেও তদন্তকারী কর্মকর্তা বাদ দিয়েছেন। এজাহারে থাকা ছয় আসামির মধ্যে সবাই পলাতক হলেও তদন্তকারী কর্মকর্তা শুধু নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন।