চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বাদীর নারাজি আবেদনের শুনানি হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত ই এলাহীর আদালতে এ শুনানি হয়। আদালত ১৩ আগস্ট আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
গত ১১ জুন ভূজপুর থানা পুলিশ তিনটি হত্যা মামলায় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে রুবেল হত্যা মামলায় তাঁর মামা জামাল পাশা শওকত ২১ জুলাই নারাজি আবেদন করেছিলেন আদালতে।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, আলোচিত এ মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষী করেনি পুলিশ। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না আদালতে। অভিযোগপত্র দাখিলের আগে মামলার বাদীকে জানানো হয়নি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছ থেকেও কোনো মতামত নেওয়া হয়নি। প্রকৃত অনেক আসামিকে বাদ দিয়ে নিরীহ লোককে আসামি করেছে পুলিশ। অভিযোগপত্রের এসব ত্রুটি আদালতের সামনে উপস্থাপন করে মামলাটি অধিকতর তদন্তের জন্য বলা হয়েছে শুনানিতে। আদালত ১৩ আগস্ট আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
গত বছরের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয়। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে দিয়ে আসামিরা এ তাণ্ডব ঘটায় বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম মেম্বারসহ ২০ জনকে। ২০ জনসহ মোহাম্মদ রুবেল হত্যা মামলায় ১৯২ জনকে আসামি করে পুলিশ।