টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের শুনানির সময় এক মাস পিছিয়েছে। আগামী ২৭ মে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে মামলার বাদী মোফাজ্জল হোসেন গতকাল বুধবার জানিয়েছেন।
গত ২৫ মার্চ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে বাদী নারাজি দিলে ২৮ এপ্রিল মঙ্গলবার নারাজির বিষয়ে আদালত শুনানির তারিখ নির্ধারণ করেন। এর আগে ঘটনার প্রায় চার মাস ১৯ দিন পর গত ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দেন।
নারাজিতে বাদী উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করে তথাকথিত অভিযোগপত্র দাখিল করেছেন। এ ছাড়া পুনরায় অধিকতর তদন্ত করলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারিক আদালতে হাজির করা সম্ভব হবে বলে নারাজিতে উল্লেখ করা হয়।