নারাজি আবেদনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের করা মাদক জব্দের মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য রাখেন।

এদিকে এই মামলার তদন্তে কোনো গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গতকাল প্রথম আলোয় ‘মাদক জব্দের পর র‍্যাবের মামলা: “ভুল-বোঝাবুঝি” বলছে পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

গত বছরের ৯ আগস্ট চট্টগ্রামের সদরঘাট এলাকার হোটেল শাহজাহানে (আবাসিক) অভিযান চালায় র‌্যাব-৭। হোটেলের দ্বিতীয় তলার রান্নাঘরের পাশে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা দেশি-বিদেশি ২৫৪টি মদের বোতল ও ১৭০ ক্যান বিয়ার জব্দ করে র‍্যাব। হোটেলের ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহকেও গ্রেপ্তার (বর্তমানে জামিনে) করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক মো. আবদুস সাত্তার খান বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও মাদক আইনে সদরঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৭ ডিসেম্বর পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের পর আদালতে নারাজি আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি  বলেন, নারাজি আবেদনের ওপর শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করে আদালতে। পরে আদালত তা মঞ্জুর করে আগামী ২ আগস্ট পরবর্তী দিন ধার্য রাখেন।

এদিকে মাদক জব্দের মামলার তদন্তে কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. মিজানুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন দাখিলে কোনো ধরনের গাফিলতি আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’