বরগুনায় আলোচিত শিশু রবিউল হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে রবিউলের বাবার করা নারাজি আবেদনের শুনানি তৃতীয় দফা পেছাল। ৯ সেপ্টেম্বর এই শুনানির তারিখ ধার্য করেছেন বিচারক।
গতকাল বুধবার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস শুনানি পিছিয়ে ওই দিন নির্ধারণ করেন। নারাজি আবেদনের ওপর প্রথম শুনানির দিন ধার্য ছিল গত ২৭ আগস্ট। পরে তা প্রথম দফা পিছিয়ে ৩০ আগস্ট ও দ্বিতীয় দফা গতকাল ২ সেপ্টেম্বর ধার্য করা হয়।
আদালত সূত্র জানায়, গতকাল শুনানির দিন ধার্য থাকলেও মামলার বাদী নিহত শিশু রবিউলের বাবা দুলাল মৃধা আদালতে হাজির হননি। পরে বিচারক বাদীর অনুপস্থিতির কারণে নারাজি আবেদনের শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।
বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের রবিউল (১১) গত ৩ আগস্ট রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ৪ আগস্ট সন্ধ্যায় স্থানীয় লখনার খাল থেকে তার লাশ উদ্ধার করে তালতলী থানা-পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ৫ আগস্ট একই এলাকার মিরাজকে আটক করে পুলিশ। ওই দিনই রবিউলের বাবা তালতলী থানায় মিরাজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
৬ আগস্ট মিরাজ আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, তাঁর চাঁই থেকে মাছ চুরির সন্দেহে রবিউলকে ধরে লাঠি ও টর্চলাইট দিয়ে আঘাত করেন। একপর্যায়ে সে মারা গেলে লাশ লখনার খালে ফেলে দেন।