নারাজি আবেদনের শুনানি ২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি আগামী ২ মে ধার্য করেছেন আদালত। আজ বুধবার রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী এ আদেশ দেন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি এটা তৃতীয়বার।

বেলা ১১টায় ঘণ্টাব্যাপী শুনানিতে বাদীর পক্ষে আইনজীবী মো. রেজাউল করিম চৌধুরী, জুয়েল দেওয়ান ও মো. বরকত আলী আর বিবাদীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাঙামাটি আদালতের ওসি মো. আজিজুর হক। উভয় পক্ষের যুক্তিতর্কের পরে আদালত শুনানি মুলতবি ঘোষণা করেন। বেলা দেড়টার দিকে নারাজি আবেদনের শুনানি আগামী ২ মে ধার্য করেন আদালত। নারাজি শুনানির চলাকালে এজলাসে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় ও চাকমা রানি য়েন য়েন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে পুলিশ সুপারের দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা গত ২৮ নভেম্বর নারাজি আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম গত ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এতে তদন্ত কর্মকর্তাকে সিডি (কেস ডকেট বা মামলার বিস্তারিত তথ্য) আদালতে উপস্থাপন করতে বলা হয়। ১০ জানুয়ারি শুনানি শেষে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারিক কাজী মোহাম্মেদ মোহসেন আজ শুনানির দিন ধার্য করা হয়।
গত বছরের ৭ সেপ্টেম্বর আলোচিত কল্পনা চাকমার অপহরণ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, তদন্তে কল্পনার অবস্থান নিশ্চিত না হওয়ায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। মামলার রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়নি। ভবিষ্যতে কল্পনা চাকমা সম্পর্কে কোনো তথ্য পেলে বা তাঁকে উদ্ধার করা গেলে এ মামলা পুনরুজ্জীবিত করা হবে বলেও মন্তব্য করা হয়।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে কল্পনা চাকমার অপহরণ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের সঙ্গে গত ৭ সেপ্টেম্বর দেওয়া রাঙামাটি পুলিশ সুপারের প্রতিবেদনের মিল রয়েছে।

মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা আজ আদালত প্রাঙ্গণে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের রক্ষা করতে বারবার তদন্ত কর্মকর্তারা মিথ্যা প্রতিবেদন উপস্থাপন করছেন। আমরা যেন বিচার না পাই, সে জন্য এমন মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে।’
১৯৯৬ সালে ১১ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। ঘটনার পরদিন ১৩ জুন বাঘাইছড়ি থানায় মামলা করেন কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।