পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানির পরবর্তী দিন আগামী ২ মে।
গতকাল বুধবার রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী শুনানি শেষে এই দিন ধার্য করেন।
১৯৯৬ সালের ১১ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। এই ঘটনায় করা মামলায় গত ৭ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর নারাজি আবেদন করেন মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।
বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান জানান, গতকাল আদালতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) উপস্থাপন করা হয়। এরপর শুনানি শেষে আদালত আগামী ২ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
গতকাল মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় ও চাকমা রানি য়েন য়েন।