নারাজি আবেদনের শুনানির পরবর্তী তারিখ ২২ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি আগামী ২২ মার্চ ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী মোহাম্মদ মোহসেন এ আদেশ দেন।
গত ২৮ নভেম্বর রাঙামাটির পুলিশ সুপারের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। বাদীর দেওয়া নারাজি আবেদনের বিষয়ে গতকাল প্রথম শুনানি হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান।
মামলার বাদী কালিন্দী কুমার চাকমা অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তারা বারবার অভিযুক্ত ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করছেন। তাঁরা ইচ্ছে করে আসামিদের বাদ নিয়ে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করছেন। প্রথম যে কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দিয়েছেন, অন্যরাও একই রকম প্রতিবেদন তৈরি করছেন।
নারাজি আবেদনের শুনানি চলাকালে এজলাসে উপস্থিত ছিলেন চাকমা রানি য়েন য়েন, মানবাধিকার কর্মী খুশী কবির ও লেখক ইলিরা দেওয়ান।
১৯৯৬ সালে ১১ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা।
ঘটনার পরদিন ১৩ জুন বাঘাইছড়ি থানায় মামলা করেন কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।
এ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে গত ৭ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।