নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতির বিরুদ্ধে বাদীর করা নারাজি পুনর্বিবেচনার আবেদনের শুনানির পরবর্তী তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে মামলার বাদীপক্ষের আইনজীবী শুনানির সময় বাড়ানোর আবেদন জানালে বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান। তিনি বলেন, বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন দেশের বাইরে অবস্থান করছেন। তাই তাঁর পক্ষে সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে। আদালত শুনানি শেষে ২০ অক্টোবর পুনর্বিবেচনা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া পাঁচ ব্যক্তি হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ হাসমত উল্লাহ হাসু, আমিনুল হক রাজু, ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন আশিক। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়া পাঁচ আসামি সিদ্ধিরগঞ্জের একটি রাস্তা সম্প্রসারণ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ১৫ দিন আগে তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। অথচ তদন্ত কর্মকর্তা তাঁদের জিজ্ঞাসাবাদ বা রিমান্ডে না নিয়েই অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছেন।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সেলিনা ইসলাম বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরও একটি মামলা করেন।
গত ৯ এপ্রিল নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জুলাই নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাখিল করা নারাজি আবেদন নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ এবং পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাঁদের মালামাল ক্রোকের নির্দেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে বাদী ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে পুনর্বিবেচনা মামলা দায়ের করেন। অভিযোগপত্রভুক্তদের মধ্যে র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। পলাতক আছেন ১৩ জন।