নারানগিরি উচ্চবিদ্যালয়ে দুই বছর খেলাধুলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে দুই বছর ধরে সিসি ব্লক তৈরির কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক বিপুল বড়ুয়া প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীর অব্যাহত ভাঙনের কবলে পড়ে নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় ও কৃষি গবেষণাকেন্দ্র রাইখালীর পাশের এলাকা। ভাঙন প্রতিরোধের জন্য ২০০৯ সালে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। মেসার্স ইউনুচ ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠান স্বল্প সময়ের জন্য মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে কাজ শুরু করে। কিন্তু বিভিন্ন অজুহাতে বিলম্ব দেখিয়ে দুই বছরেও কাজ শেষ করা হয়নি। বিদ্যালয়ের মাঠের অর্ধেকের বেশি জায়গা দখল করে পড়ে রয়েছে তাদের তৈরি করা সিসি ব্লক। ফলে গত দুই বছরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমুদুল হক অভিযোগ করেন, মাঠ থেকে সিসি ব্লক সরানোর জন্য ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও লিখিত অনুরোধ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) জানানো হয়েছে।নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে গত শনিবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে সিসি ব্লক সাজানো রয়েছে। মাঠে ঘাসের ওপর লম্বা পলিথিন বিছিয়ে তার ওপর ইটের কাঁকর, বালু ও সিমেন্ট মিশিয়ে সিসি ব্লক তৈরির কাজ চলছে। এ ছাড়া বিপুলসংখ্যক লোহার খাঁজ মাঠের এক কোণে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। চারজন শ্রমিক একটি একটি করে সিসি ব্লক কাঁধে করে নিয়ে পাশের কর্ণফুলী নদীর ভাঙন এলাকায় ফেলছেন। শ্রমিক মো. নাসিম বলেন, ঠিকাদারের নির্দেশমতো তাঁরা কাজ করছেন।মাঠে বর্তমানে প্রায় চার হাজার সিসি ব্লক রয়েছে বলে জানান শ্রমিক মো. আবদুল মান্নান। তিনি বলেন, কমপক্ষে আরও দুই হাজার সিসি ব্লক তৈরি করতে হবে।ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুচ ট্রেডার্সের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের শিক্ষার্থী থুইনুচিং মারমা, খ্যাইম্রাচিং মারমা, মায়োচিং মারমা ও হালিমা বেগম জানায়, তাদের বিদ্যালয় এবার গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় জাতীয় পর্যায় পর্যন্ত খেলার গৌরব অর্জন করে। কিন্তু মাঠজুড়ে সিসি ব্লক পড়ে থাকায় এখন তারা কোনো ধরনের খেলাধুলা করতে পারছে না।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উচিং থোয়াই চৌধুরী বলেন, ভাঙনের কবল থেকে বিদ্যালয় রক্ষার স্বার্থেই সিসি ব্লক তৈরির কাজে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। এ কাজের সুবিধার্থে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের অংশবিশেষ ভাঙারও অনুমতি দেওয়া হয়। সর্বোচ্চ ১২ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মাঠ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিল ইউনুচ ট্রেডার্স।বিদ্যালয়ের পাশের কৃষি গবেষণাকেন্দ্র রাইখালীর কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ভাঙন রোধে প্রকল্পের কাজ শুরু হয়। এক বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত আড়াই বছরেও কাজ শেষ হয়নি।ইউএনও হাজেরা খাতুন বলেন, দ্রুত কাজ শেষ করে মাঠ খালি করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর নির্দেশে কয়েক মাস কাজ বন্ধ ছিল। দ্রুত কাজ শেষ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে কাপ্তাই পাউবোর সহ-প্রকৌশলী সুবেন্দু খাস্তগীর প্রথম আলোকে বলেন, দ্রুত কাজ শেষ করার জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় তাগিদ দেবেন।