নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় পানি পান করে শতাধিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা ওয়াসার সরবরাহ করা দূষিত পানি খেয়ে গত দুই দিনে অর্ধশতাধিক ব্যক্তি ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।
ঢাকার আশুলিয়ার দুর্গাপুরে লেদারেক্স ফুটওয়্যার নামের চামড়াজাত পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শ্রমিক গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়েন।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্র সাহার নেতৃত্বে একটি দল গতকাল সকালে উপজেলার লক্ষণখোলা এলাকা পরিদর্শন করেন। তাঁরা ওয়াসার পানি পান থেকে বিরত থাকতে মাইকিং করেন।
ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত লক্ষণখোলা এলাকার আবদুল মতিন, রেহেনা ও লিমা জানান, কিছুদিন ধরে তাঁরা ঢাকা ওয়াসার ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছিলেন। বিষয়টি তাঁরা ওয়াসা কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তাঁরা ব্যবহারের অনুপযোগী ওই পানিই পান করেন।
সিভিল সার্জন দুলাল চন্দ্র বলেন, ওয়াসার পানি পান করে ৪৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজনকে ঢাকায় মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মড্স জোনের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, গতকাল সকালেই ওই এলাকার পানির পাম্পহাউস ও আশপাশের এলাকার যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের বসতঘরের পানি বোতলজাত করে ঢাকার সায়েদাবাদে পানি শোধনাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।
শিল্প পুলিশ ও লেদারেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকেরা জানান, কারখানার চারতলা ভবনের তিনতলায় কাজ করার সময় দুপুর ১২টার দিকে প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। আধা ঘণ্টার মধ্যে অন্যান্য তলার শ্রমিকেরাও অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়।
কারখানার শ্রমিক পলি, শারমিন ও সোহেল জানান, কেউ কেউ পানি পান করার পর আবার কেউ রাসায়নিক পদার্থের গন্ধে অসুস্থ বোধ করতে থাকেন। ৫০ জনের মতো শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে তাঁরা জানান।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের মুখ্য পরিচালন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঠিক কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছিলেন, তা নিশ্চিত হতে পারিনি। আমাদের এখানে ২৯ জন চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁরা সবাই চলে গেছেন।’