পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বিদ্যালয় ছুটি। কিন্তু এর আগেই নারায়ণগঞ্জে ও ঢাকার আশুলিয়ার দুটি উচ্চবিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। এতে পাঠদান (ক্লাস) ব্যাহত হচ্ছে।
বিদালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পাশে হাটখোলা আদর্শ স্কুলের মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই গত শুক্রবার থেকে পশুর হাট বসানো হয়েছে। সদর উপজেলা প্রশাসন ১৬ সেপ্টেম্বর যে সাতটি কোরবানির পশুর হাটের ইজারা সম্পন্ন করে, এর মধ্যে এই হাটটি ছিল না।
গতকাল শনিবার দুপুরে হাটখোলা আদর্শ স্কুলে গিয়ে দেখা যায়, দুই শতাধিক গরু বিদ্যালয়ের মাঠে বিভিন্ন খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মাইকে জোরে জোরে গান বাজিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না।
বিদ্যালয়ের ফটকে দুটি বিরাট আকৃতির ব্যানারে হাট পরিচালনা কমিটি ও জেলা ক্রীড়া সংস্থার নাম লেখা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন এই হাট বসিয়েছেন।
এ বিষয়ে হাটখোলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক সামসুল হক বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানালে তিনি আমাদের বলেছেন, জেলা ক্রীড়া সংস্থার তহবিল গঠনের জন্য জেলা প্রশাসক এখানে হাট বসানোর অনুমতি দিয়েছেন। তবে আগামী সোমবার ক্লাস শেষে বিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে এই হাট বসার কথা ছিল। কিন্তু আয়োজকেরা শুক্রবার থেকেই গরু-ছাগল বিক্রি শুরু করে দিয়েছেন।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের কোরবানির পশুর হাটের দরপত্র প্রক্রিয়া সম্পন্নের পর জেলা ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের জন্য জেলা প্রশাসনের নির্দেশে হাটখোলা মাঠে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কার্যাদেশ আজ রোববার দেওয়া হবে।
এদিকে সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে চারটি, ধামসোনা ইউনিয়নে তিনটি, আশুলিয়া ইউনিয়নে দুটি ও ইয়ারপুর ইউনিয়নে একটি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ রয়েছে দুটি। এগুলো হলো ধামসোনার আলহাজ জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয় এবং ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চবিদ্যালয়ের মাঠ।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আলহাজ জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ ফাঁকা পাওয়া যায়। তবে বিদ্যালয় প্রাঙ্গণে পশুর হাট ছিল জমজমাট। বাঁশের খুঁটি গেঁড়ে পুরো মাঠ প্রস্তুত করা হয়েছে পশুর হাটের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে পশু আনছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে, বিদ্যালয় বন্ধ হওয়ার আগেই পশুর হাটের আয়োজন করায় গতকাল তাঁদের চারটি বিষয়ে ক্লাস করে ছুটি দেওয়া হয়। রোববার (আজ) ও পরের দিন (সোমবার) তেমন কোনো ক্লাস হবে না বলেও তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেন্দ্র চন্দ্র সরকার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়েই হাটের অনুমতি দেওয়া হয়েছে। হাটের কারণে শনি ও রোববার চার বিষয়ে এবং সোমবার এক বিষয়ে ক্লাস নিয়ে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।
হাটটি মাত্র ১২ হাজার টাকায় ইজারা নিয়েছেন আশুলিয়া থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোমিন করিম। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় বন্ধ হওয়ার আগেই হাট বসানো হয়েছে।
আর ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চবিদ্যালয়ে গিয়ে হাটের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিদ্যালয়ের নামে হাট নেওয়া হলেও তা বসানো হয়েছে বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।