নারায়ণগঞ্জ ও গাজীপুরে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ
নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গাজীপুরে একটি পোশাক কারখানায় বেতন না পেয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ইম্পেরিয়াল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ফাটল দেখা দেয়। গতকাল শনিবার সকাল নয়টায় প্রতিষ্ঠানের চতুর্থ তলার সুইং সেকশনের একটি পিলারে ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানা থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কারখানার ব্যবস্থাপক মিজান জানান, ফাটল দেখা দেওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রকৌশলী দ্বারা প্রতিষ্ঠানটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর কারখানা চালু করা হবে।
অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছে—এমন গুজবে পঞ্চবটীতে পাইওনিয়ার সোয়েটার কারখানায় অসন্তোষ দেখা দেয়। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে কোনো মামলা হয়নি জানালে শ্রমিকেরা শান্ত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শ্রমিকদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি।
গাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকায় গ্লোবাল মার্চেন্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বেতন না দেওয়ায় শ্রমিকেরা দুপুরের পর কর্মবিরতি পালন করেন।
একপর্যায়ে তাঁরা বেতনের দাবিতে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় ১০-১২টি যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরে খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা কর্তৃপক্ষ আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।