নারায়ণগঞ্জ ও গাজীপুরে তিন হাসপাতালে বার্ন ইউনিট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পোড়া রোগীদের চিকিৎসাসেবা দিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য বার্ন ইউনিট চালু করা হয়েছে। এ ছাড়া গত সোমবার গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালেও পোড়া রোগীদের জন্য বার্ন ইউনিট খোলা হয়েছে।
নারায়ণগঞ্জের ওই দুটি হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে দুটি এবং নগরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের তৃতীয় তলায় দুটি বিছানায় বার্ন ইউনিট চালু হয়েছে।
জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, সহিংসতায় আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য দুটি হাসপাতালে ওই চারটি বিছানা সংরক্ষণ করা হয়েছে। হাসপাতাল দুটিতে আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। যাদের অবস্থা বেশি খারাপ, তাদের অন্যত্র স্থানান্তর করা হবে। এ পর্যন্ত আগুনে পোড়া ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুলাল চন্দ্র আরও জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার অবরোধে সহিংসতায় আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যই সরকারের নির্দেশে ওই ইউনিট দুটি খোলা হয়েছে। অগ্নিদগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বার্ন ইউনিটগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের দুজন সার্জিক্যাল চিকিৎসক ও দুজন সেবিকার দায়িত্বে এই ইউনিটের কার্যক্রম পরিচালনা করা হবে।
১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিউল আজম জানান, সরকারিভাবে অগ্নিদগ্ধদের জন্য দুটি বিছানা রাখার নিদের্শ থাকলেও তিনটি বিছানা রাখা হয়েছে। হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে পুরুষের জন্য দুটি ও নারী ওয়ার্ডে একটি বিছানা রাখা হয়েছে।
এদিকে গাজীপুরের সিভিল সার্জন মো. আনিসুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার আনুষ্ঠানিকভাবে দুই বিছানায় বার্ন ইউনিট খোলা হয়েছে। এ ইউনিটে হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্টরা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেবেন। এ ছাড়া গত ২৮ জানুয়ারি থেকে টঙ্গী সরকারি হাসপাতালেও দুই বিছানার বার্ন ইউনিট চালু করা হয়েছে।