নারায়ণগঞ্জ ডিবির ছয় কর্মকর্তাকে বদলি
নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলোচিত উপপরিদর্শক (এসআই) মো. হারুনসহ ডিবির ছয় কর্মকর্তা ও পুলিশের এক হাবিলদারকে বদলি করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ সুপারের নির্দেশে তাঁদের বদলি করা হয়। তবে তাঁদের পদায়ন করা হয়নি।
বদলি হওয়া ব্যক্তিরা হলেন ডিবি পুলিশের এসআই আবদুল হক, এসআই মোস্তাফিজুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রকাশ, এএসআই ওয়াহিদুজ্জামান ও এএসআই জাহাঙ্গীর এবং টানবাজার পুলিশ ফাঁড়ির হাবিলদার মিজান।
সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিবি পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কমিটির সদস্যরা ছাড়াও খোদ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ক্ষোভ প্রকাশ করেন।
এসআই হারুনের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা গত বুধবার রাতে চাঁদার দাবিতে শহরের ছয়টি রেস্তোরাঁয় ঢুকে মালিক ও ব্যবস্থাপককে বেধড়ক পিটুনি দেন। এ ব্যাপারে পরদিন বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয় জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি। একই অভিযোগ এনে ওই দিন ডিবি পুলিশের হয়রানি বন্ধের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। বুধবার পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দেয় বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।