ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে লামাপাড়ায় উন্মুক্ত স্থানে ময়লা ফেলার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর পরিবেশদূষণের দায়ে এই জরিমানা করেন। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে দাবি করা হয়েছে, সরকারের কাছে ময়লা ফেলার জায়গা চেয়ে না পাওয়ায় তারা উন্মুক্ত স্থানে ময়লা ফেলছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পঞ্চবটীতে গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির প্রকল্প নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন এলাকার ময়লা ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের জন্য চারটি স্থানের প্রশাসনিক অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। তিনি জানান, সৈয়দপুর কয়লাঘাট এলাকায় ১৪ একর, জালকুঁড়ি এলাকায় ২৩ একর জমি অধিগ্রহণ; চর সৈয়দপুরে ১০ একর, নরসিংপুরে ৮ একর জমি কেনা হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ফেলা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সিটি করপোরেশন এত দিন বাধ্য হয়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের পাশে ময়লা ফেলেছে। জনবসতির বাইরে কোনো স্থানে ময়লা ফেলার জন্য সরকারি খাসজমি ইজারা চেয়েও পাইনি। জমি কেনার অনুমোদন পেতে এখন মন্ত্রণালয়ের দিকে চেয়ে আছি।’