নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ১২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গতকাল বুধবার দুপুরে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের জানান, নবগঠিত সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকার প্রকল্পে অর্থায়নের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় ১৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পে সরকার ১২৭ কোটি টাকা দেবে। বাকি ৫৪ কোটি টাকা সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। এ ছাড়া জাইকা ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য টানবাজারে দুটি, ইসদাইরে একটি ও বন্দরে দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণে সরকার ২৫ কোটি টাকা দেবে। শুধু সিদ্ধিরগঞ্জেই ২২৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০১৪ সাল থেকে এসব প্রকল্পের উন্নয়নকাজ শুরু হবে।
সেলিনা হায়াৎ আইভী বলেন, জাইকার অর্থায়নে প্রস্তাবিত মেট্রোরেল প্রকল্পে উত্তরা থেকে পল্লবী হয়ে টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড-বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লাইন নির্মাণ করা হবে। মেট্রোরেলের লাইনে রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জকে সংযুক্ত করার অনুরোধ জানিয়ে যোগাযোগমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।