নারায়ণগঞ্জে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার শেরপুরে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রমজান সিকদার (৯) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর শেরপুরে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে শেরপুরের নকলা উপজেলার চেপাকুড়ি সেতুসংলগ্ন একটি জঙ্গল থেকে স্থানীয় থানার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত রমজান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের মৃত ইসমাইল সিকদারের ছেলে। সে জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে। তাঁরা হলেন শেরপুরের নকলা সদর ইউনিয়নের ধনাকুশা গ্রামের মো. রুকুনুদ্দিনের ছেলে রিপন মিয়া (১৮) ও ধামনা গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে হামিদুল হক (২১)। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের জন্য রমজানকে অপহরণ করা হয়েছিল।
পুলিশ ও রমজানের পারিবারিক সূত্রে জানা যায়, রিপন মিয়া দীর্ঘদিন ধরে রমজানদের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলেন। গত শনিবার সকালে রমজান স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। এরপর আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পর থেকে রিপন মিয়াও উধাও ছিলেন। পরে ওই দিনই রমজানের মামা জামাল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে চেপাকুড়ি সেতুর কাছে একটি জঙ্গল থেকে রমজান সিকদারের লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া ও তাঁর সহযোগী হামিদুল হককে আটক করে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিউর রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া স্বীকার করেছেন, মুক্তিপণ আদায়ের জন্য গত শনিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে রমজানকে অপহরণ করে নকলায় নিয়ে আসেন। কিন্তু রমজানকে সামাল দিতে না পেরে রোববার ভোরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে চেপাকুড়ি সেতুর কাছে জঙ্গলে লাশ ফেলে রেখে যান রিপন।
ফছিউর রহমান আরও জানান, এ ঘটনায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রমজানের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হয়েছে।