নারায়ণগঞ্জে অফিসে বিস্ফোরণ, দগ্ধ ৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ভবনের নিচতলায় বিস্ফোরণে সাত ব্যক্তি দগ্ধ হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চবটি রূপসী হাউজিংয়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরও ৩০ জন।
দগ্ধ ব্যক্তিরা হলেন অফিসের সহকারী ব্যবস্থাপক আবদুল হালিম, অফিস সহকারী মিজান, সোহেল, মিজানুর রহমান, ওমর ফারুক, ইলেকট্রিক মিস্ত্রি আসলাম ও আরমান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে গ্যাসের রাইজার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এলাকাবাসী জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলায় অবস্থিত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নারায়ণগঞ্জ শাখা অফিসে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে দগ্ধ হন সাতজন। এ ছাড়া বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে নারী, শিশুসহ আহত হয় ৩০ জন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।