নারায়ণগঞ্জে আকরামের নির্বাচনী মঞ্চ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের নির্বাচনী সভার মঞ্চ ভাঙচুর করে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের ক্যাডাররা মাইক খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে এস এম আকরামের নির্বাচনী সভা ছিল।


আজ রোববার দুপুরে এস এম আকরাম নারায়ণগঞ্জ শহরের লয়েল ট্যাংক রোড এলাকায় নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এস এম আকরাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর থেকে তিনি হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন। পক্ষান্তরে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম ওসমান নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রায় প্রতিদিন শোক সভার নামে নির্বাচনী জনসভা করছেন।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘মদনপুর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে আজ বিকেলে ইসলামিয়া শপিং কমপ্লেক্সের সামনে আমার সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা সকালে মঞ্চ তৈরি করলে সেলিম ওসমানের ক্যাডাররা মঞ্চ ভেঙে ফেলে এবং মাইক খুলে নিয়ে যায়। সংঘাত এড়াতে আয়োজকেরা সভার স্থান পরিবর্তন করে পার্শ্ববর্তী এলাকায় মঞ্চ তৈরি করতে গেলে সেখানেও সেলিম ওসমানের ক্যাডাররা বাধা দেয়। বিষয়টি আমি বেলা ১১টায় বন্দর থানার ওসিকে টেলিফোনে জানাই। কিন্তু পুলিশ বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে যায়নি।’

এদিকে অভিযোগের বিষয়ে জানতে সেলিম ওসমানকে ফোন দেওয়া হলে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।