নারায়ণগঞ্জে আগুনে দুই শতাধিক দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে তিনটি হোসিয়ারি (কাটা কাপড়) মার্কেটে আগুন লেগে দুই শতাধিক কারখানা ও দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা৷
গতকাল বুধবার ভোর রাতে এ আগুন লাগে। নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত চারটার দিকে দেওভোগ এলাকার সোহরাওয়ার্দী মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে পাশের ভূঁইয়া মার্কেট ও রহমানিয়া মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি মার্কেটের প্রতিটি কারখানায় মজুত করা পণ্য, যন্ত্রপাতি ও তৈরি পোশাক পুড়ে গেছে। পুড়ে গেছে বিপুল পরিমাণ নগদ টাকাও।
আগুনে পুড়ে যাওয়া দীন ইসলাম ট্রেডার্সের মালিক দীন ইসলাম জানান, তাঁর দোকানে ৩০ লাখ টাকার পোশাক ছিল। এ ছাড়া জামা তৈরির জন্য কেনা কাপড়, লেস, সুতা ও মেশিনসহ অন্যান্য মালামালও ছিল। দোকানের ক্যাশে ছিল নগদ দুই লাখ টাকা৷ সবই পুড়ে গেছে।
রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন আলী ফ্যাশনসের মালিক মোহাম্মদ আলী। তিনি জানান, পাঁচ বছর জাপানে কাজ করে এসে তিনি এখানে হোসিয়ারি ব্যবসা শুরু করেন৷ সোহরাওয়ার্দী মার্কেটের এক, দুই ও তিনতলার তিনটি দোকানে তাঁর আড়াই কোটি টাকার মাল ছিল। এর সবই পুড়ে গেছে।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান জানান, ঈদ সামনে রেখে একেকটি দোকান ও কারখানায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ওঠানো হয়েছিল৷ বড় দোকানগুলোতে দুই-আড়াই কোটি টাকার মালামালও মজুত করা হয়। কিন্তু আগুন তাঁদের সবই কেড়ে নিল৷
নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, পানির অভাবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কীভাবে লেগেছে এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷