নারায়ণগঞ্জে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টি থেকে নাসিম ওসমান মনোনয়ন পাওয়ায় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর থেকে তাঁর ক্যাডাররা বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া করছে।

শামীম ওসমান গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অয়ন ওসমান। মেধাবী শিক্ষার্থী তানভীর মুহামঞ্চদ ত্বকীর বাবা রফিউর রাব্বি তাঁর ছেলেকে হত্যার অভিযোগে গত ১৮ মার্চ জেলা পুলিশ সুপারের কাছে যে অবগতিপত্র জমা দেন, তাতে শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানের নাম ছিল।

গত শনিবার বিকেলে শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান ওরফে নিপুর নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক বেড়ে যায়। নসীব পরিবহনের মালিকেরা গত ২২ আগস্ট সংবাদ সমেঞ্চলন করে অভিযোগ করেছিলেন, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল গত পাঁচ বছরে নসীব পরিবহন থেকে সাত কোটি টাকা চাঁদা নিয়েছেন।

শামীম ওসমান মনোনয়ন পাওয়ার খবর পাওয়ার পরপরই তাঁর অনুগত কাউন্সিলর নুর হোসেন গত শুক্রবার সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কাউন্টার বসিয়ে এবিএস পরিবহন নামের একটি বাস সার্ভিস চালু করেন। এদিকে শামীম ওসমান মনোনয়ন পাওয়ার পর থেকে তাঁর ক্যাডাররা চাঁদার দাবিতে ব্যবসায়ীদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে শামীম ওসমান দলীয় কার্যালয়ে না বসে শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে আস্তানা বানিয়ে তাঁর অনুগত নেতা-কর্মী ও ক্যাডারদের নিয়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছেন। রাইফেল ক্লাবে বসেই গণমাধ্যমে তিনি তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে সেনাবাহিনী রাইফেল ক্লাবে অভিযান চালালে শামীম ওসমান পালিয়ে গিয়েছিলেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী শুক্কুর মাহমুদকে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহাজোট থেকে জাতীয় পার্টি বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আসন ভাগাভাগি নিয়ে দলটির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার সম্ভাবনা রয়েছে। এ কারণেই শক্তিশালী প্রার্থী আনোয়ার ও কাদিরকে মনোনয়ন না দিয়ে তা দেওয়া হয়েছে ওসমান পরিবারের অনুগত হিসেবে পরিচিত শুক্কুর মাহমুদকে।

বর্তমান সরকারের আমলে শামীম ও নাসিম ওসমানের নির্বাচনী এলাকার সব কটি ইউপি নির্বাচনে তাঁদের অনুগত চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়েছেন। নাসিম ওসমানের নির্বাচনী এলাকার পুরোটাই সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। মেয়র পদে শামীম ওসমান এখানকার সব কটি ভোটকেন্দ্রে পরাজিত হন।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী হিসেবে গণধিক্কৃত শামীম ও নাসিম ওসমান মনোনয়ন পাওয়ায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ক্ষুব্ধ, হতাশ। ওসমান পরিবার ও তাঁদের ক্যাডার বাহিনীর নির্যাতন আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা আতঙ্কিত।

শহীদুল্লাহ বলেন, মাত্র দুই বছর আগে সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান আওয়ামী লীগের সমর্থন পাওয়া সত্ত্বেও লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত হন। এমনকি নিজের ভোটকেন্দ্রে, নিজের ওয়ার্ডেও জিততে পারেননি। তিনি বলেন, মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যা মামলায় ইতিমধ্যে র‌্যাবের তদন্তে প্রমাণিত হয়েছে, শামীম ও নাসিম ওসমানের নির্দেশে আজমেরী ও অয়ন ওসমান ত্বকীকে খুন করেছেন। নারায়ণগঞ্জের ৯৫ শতাংশ মানুষ বিশ্বাস করে, শামীম ওসমানের পরিবারই ত্বকীকে খুন করেছে।

জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, শেখ হাসিনা সন্ত্রাসী, চাঁদাবাজদের কবল থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই তিনি শামীম, নাসিম দুই সন্ত্রাসীকে দুই আসনে মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা মনে করেন, এঁরা বিএনপিকে ঠেকাতে পারবে। কিন্তু অতীতে দেখা গেছে, দলের দুঃসময়ে এই দুই ভাই দলের নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে যান।

নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী শুক্রবার এক নারী সমাবেশে বলেন, ‘নারায়ণগঞ্জে যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন, গুম, সন্ত্রাস, নারী নির্যাতন করছে, তাদেরই দলীয় মনোনয়ন দিয়ে পুরস্কৃত করা হচ্ছে।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা অব্যাহত রাখতে হলে শামীম ওসমানদের এমপি পদ খুবই প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছিলাম, খুনি ওসমান পরিবারকে যাতে মনোনয়ন দেওয়া না হয়। কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত গণদাবি উপেক্ষা করে ওসমানদেরই মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ, ব্যথিত।’

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাসসের উপপ্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদ বলেন, গডফাদার ও খুনিদের মনোনয়ন দেওয়ায় তা নিঃসন্দেহে নারায়ণগঞ্জবাসীর জন্য বেদনাদায়ক।

শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘এখন আমাদের প্রধান কাজ হবে সর্বশক্তি নিয়োগ করে শামীম ওসমানকে বিজয়ী করা।’

শুক্কুর মাহমুদ দাবি করেন, তিনি ডামি প্রার্থী নন, ওসমান পরিবারের দালালও নন। দল তাঁকে মনোনয়ন দিয়েছে। দল সিদ্ধান্ত দিলেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।