নারায়ণগঞ্জে একজনকে মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিলা বেগম নামের এক নারীকে হত্যার দায়ে সামসুর ইসলাম নামের এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে ওই আসামি ঘটনার পর থেকেই পলাতক।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কে এম ফজলুর রহমান জানান, আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জের আবদুর রহিমের স্ত্রী জামিলা বেগম গৃহকর্মীর কাজ করতেন। তিনি ২০০৯ সালের ২৯ এপ্রিল উপজেলার কুলিনপাড়া এলাকায় বেড়াতে যান। ওই সময় সামসুর জামিলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার এক বছর আগে সামসুরের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এ ঘটনায় জামিলার ইন্ধন ছিল বলে অভিযোগ ছিল সামসুরের। এর জেরেই তিনি জামিলাকে হত্যা করেন।
ঘটনার পরপরই জামিলার স্বামী আবদুর রহিম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৪ জন সাক্ষ্য দেন।