নারায়ণগঞ্জে এবার ত্বকীর চাচাতো ভাইকে গুলি
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর চাচাতো ভাই বিশ্ববিদ্যালয়ছাত্র অর্ণব ওয়াহিদকে (২৮) দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে শহরের খানপুরে অবস্থিত বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। অর্ণবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ অর্ণব বিশিষ্ট কবি ও দন্তচিকিৎসক এম এ রাব্বি ওরফে ওয়াহিদ রেজার ছেলে। তিনি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের সিসিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
শহরের খানপুর হাসপাতালে অর্ণব সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যার পর আমি আমলাপাড়ার বাসা থেকে বের হয়ে শহরের খানপুরে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। বিআরটিসির বাস ডিপোর সামনে দুর্বৃত্তরা আমার ওপর আক্রমণ করে। ওই সময় একটি গুলির শব্দ শুনতে পাই। পরে দেখি, আমার ডান বাহু থেকে রক্ত ঝরছে। গুলিটি আমার বাহুতে ঢুকে বের হয়ে গেছে। আমি দৌড়ে শহরের ডন চেম্বার এলাকায় বন্ধুদের কাছে যাই। তারা আমাকে হাসপাতালে নিয়ে আসে। ত্বকী হত্যার পর থেকে চাষাঢ়া এলাকা নিরাপদ না ভেবে আমি মহল্লার ভেতরের রাস্তা দিয়ে যাতায়াত করতাম।’
হাসপাতালে অর্ণবের বন্ধু সায়মন জানান, রাত সোয়া আটটায় তাঁকে অর্ণব ফোন করে হামলার শিকার হওয়ার কথা জানান। তিনি অর্ণবকে শহরের ডন চেম্বার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। তবে কী কারণে কারা গুলি করেছে, সে ব্যাপারে অর্ণব কিছু জানাতে পারেননি।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান জানান, তিনি আক্রান্ত ব্যক্তির ডান বাহুতে গুলির ক্ষত পেয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অর্ণবের চাচা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, অর্ণবকে গুলি করা নারায়ণগঞ্জে ধারাবাহিক খুনের ঘটনারই অংশ। প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটছে। ত্বকী হত্যাকাণ্ডের পরও খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের নগ্ন ব্যর্থতাই প্রমাণ পায়। তিনি আরও বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ। আমাদের কথা যে সত্য, তা আবারও প্রমাণিত হয়েছে।’ এ ঘটনায় ত্বকীর হত্যাকারীরা সম্পৃক্ত থাকতে পারে বলেও তিনি মনে করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গত ৮ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর শহরের চারার গোপে শীতলক্ষ্যা নদী থেকে রফিউর রাব্বির ছেলে তানভীর মুহামঞ্চদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। তিনি খুনের ঘটনায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্যাঙ্গারু পারভেজসহ সাতজনকে অভিযুক্ত করে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। তবে শামীম ওসমান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।